—প্রতিনিধিত্বমূলক ছবি।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বুধবার। এখনও ১৮ জন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যায় তাঁদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী ভাবে এই বিপর্যয় ঘটল, এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নির্মাণের নকশায় ত্রুটি ছিল। এই সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, তৃণমূল জমানায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ৩১ জুলাই পর্যন্ত কলকাতায় যাবতীয় নির্মাণকাজ বন্ধ রাখা হবে। আজ মুখ্যমন্ত্রী এ বিষয়ে বিধানসভায় বিবৃতি দেবেন। তিনি কী বলবেন?
আজ বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের শেষ দিন। একেবারে শেষবেলায় জবাবি ভাষণ দেবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সূত্রের খবর, বাজেট নিয়ে আলোচনার শেষ দিন হাজির থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।
বর্ষার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দক্ষিণেও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলছে। মঙ্গলবার ঝড়ের তাণ্ডবে কলকাতা জুড়ে বহু গাছ উপড়ে গিয়েছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণের একাধিক জেলায়। আপাতত কলকাতায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
চলছে জোড়া বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপে আজ আরও তিনটি গ্রুপের ফয়সালা। তার মধ্যে সকলের আগে রয়েছে ‘ই’ গ্রুপের ম্যাচ। জার্মানি মুখোমুখি ইকুয়েডরের। এই গ্রুপের অন্য ম্যাচে লড়াই কুরাসাও এবং আইভরি কোস্টের মধ্যে। জার্মানি আগেই নক-আউটে চলে গিয়েছে। দু’টি খেলাই রাত ১:৩০ থেকে। তার পরে রয়েছে ‘এফ’ গ্রুপের শেষ দু’টি ম্যাচ। নেদারল্যান্ডস খেলবে টিউনিশিয়ার সঙ্গে। জাপান মুখোমুখি সুইডেনের। এই দু’টি ম্যাচ কাল ভোর ৪:৩০ থেকে। কাল সকাল ৭:৩০ থেকে রয়েছে ‘ডি’ গ্রুপের আমেরিকা-তুরস্ক এবং প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া ম্যাচ। সব খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ চতুর্থ ম্যাচে নামছে ভারত। প্রথম ম্যাচে হরমনপ্রীত কৌরের দল হারিয়েছে পাকিস্তানকে। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও সহজ জয় পেয়েছেন হরমনপ্রীতেরা। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে ভারতকে। আজ লড়াই বাংলাদেশের সঙ্গে। খেলা সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।