—প্রতীকী চিত্র।
শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনের চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বদলের কাজের জন্য আজ, শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে কাল, রবিবার ভোর ৪টে ৪৫ মিনিট পর্যন্ত টানা সাড়ে ছ’ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। এর জন্য দু’দিনে প্রায় ৩০টি লোকাল ট্রেনের চলাচল ব্যাহত হবে। শনিবার রাতে শিয়ালদহ দক্ষিণ শাখায় ১৫টি লোকাল ট্রেন বাতিল থাকছে। রবিবার ভোরে বাতিল হচ্ছে আরও এক জোড়া ট্রেন।
এর মধ্যে শনিবার শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখায় দু’জোড়া, ক্যানিং শাখায় এক জোড়া, ডায়মন্ড হারবার শাখায় দু’জোড়া, বজবজ শাখায় এক জোড়া, সোনারপুর শাখায় একটি এবং রবিবার ভোরে শিয়ালদহ-সোনারপুর শাখায় এক জোড়া লোকাল ট্রেন বাতিল হয়েছে।
শনিবার রাতে এক জোড়া করে লক্ষ্মীকান্তপুর, ক্যানিং এবং ডায়মন্ড হারবার লোকাল সোনারপুর স্টেশন পর্যন্ত চলবে। ওই সব ট্রেন সোনারপুর স্টেশন থেকেই আবার ফিরতি পথে ছাড়বে। শনিবার বেশি রাতে এবং রবিবার ভোরে শিয়ালদহ-বজবজ শাখার এক জোড়া করে লোকাল নিউ আলিপুর স্টেশন পর্যন্ত চলবে। শনিবার রাতে ট্রেন চলাচল বন্ধ হওয়ার আগে ক্যানিং এবং লক্ষ্মীকান্তপুর লোকাল তাদের পুরো পথ পাড়ি দেবে।
রেল সূত্রের খবর, বালিগঞ্জ স্টেশন সংলগ্ন চারটি পয়েন্ট বদল করে অধিক ভার বহন ক্ষমতা যুক্ত পয়েন্ট বসানো হচ্ছে, যা মূলত পণ্যবাহী ট্রেন চলাচলের সহায়ক। কলকাতা বন্দর ও নিউ আলিপুর সাইডিং থেকে আসা মালগাড়ি চলাচলের সুবিধা হবে এই কাজের পরে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে