—প্রতিনিধিত্বমূলক ছবি।
ইরানে আমেরিকা-ইজ়রায়েলের হামলার ঘটনায় প্রতিবাদের পাশাপাশি কেন্দ্রীয় সরকার যাতে এই ‘আগ্রাসনে’র নিন্দা করে, সেই দাবিতে সরব হল ভারতের বিভিন্ন বাম দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদ্য-সমাপ্ত ইজ়রায়েল সফরের কথা মনে করিয়ে দিয়ে সিপিএমের পলিটব্যুরো বলেছে, ‘বন্ধু-দেশ ইরানের উপরে হামলার নিঃশর্ত নিন্দা করা উচিত ভারত সরকারের।’ এই হামলাকে ইরানের সার্বভৌমত্বে আঘাত এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন বলেও মনে করছে সিপিএম। পাশাপাশি, সিপিআই (এম-এল) লিবারেশনের কেন্দ্রীয় কমিটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি হোসেনি খামেনেইয়ের নিহত হওয়ার ঘটনার সরাসরি নিন্দা করেছে। তারা বলেছে, ‘যাঁরা ইরান সরকারের সমালোচক, তাঁদেরও এই ঘটনার নিন্দা করা উচিত।’ লিবারেশনের দাবি, আমেরিকা ও ইজ়রায়েল ইরানে যে ‘পুতুল সরকার’ বসানোর চেষ্টা করছে, তার নিন্দা করা উচিত ভারতের। পাশাপাশি, গোটা দেশের সঙ্গে শহরে বিক্ষোভ মিছিল করেছে এসইউসি। ধর্মতলায় লেনিন মূর্তি থেকে আমেরিকা তথ্যকেন্দ্রের কাছাকাছি ওই মিছিল হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক সামন্ত বলেছেন, “ভারত বরাবর সাম্রাজ্যবাদ বিরোধী দেশ হিসাবে পরিচিত। সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজ়রায়েলের ‘গণহত্যাকারী’ নেতাকে ‘সন্ত্রাসবাদ-বিরোধী নেতা’ বলছেন।” বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দলের পলিটব্যুরো সদস্য সৌমেন বসু-সহ অন্যেরা। সরব হয়েছে দলগুলির বিভিন্ন গণ-সংগঠনও।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে