রাজ্যের বেশির ভাগ জায়গাতে মঙ্গলবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। কোথাও কোথাও আকাশের মুখ একটু বেশিই ভার। দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হয়েছে। তবে গুমোট গরম কমেনি। বেলা গড়াতে বেড়েছে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এই অস্বস্তি আপাতত কমছে না। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার। গোটা সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত ভাবে চলবে হালকা বৃষ্টি।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলার কিছু এলাকাতেও এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার পর কয়েক দিন দক্ষিণবঙ্গে আর ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার ফের কয়েক জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
আগামী তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফের হবে না। তার পরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে দিনের তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টি হতে পারে মঙ্গলবার। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে বাড়বে দুর্যোগ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় মঙ্গলবার বিকেল নাগাদ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রির সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। সোমবার শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পূর্ব অসম এবং নাগাল্যান্ডের উপরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঝাড়খণ্ড থেকে মরাঠাওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।