West Bengal Weather Update

জোড়া নিম্পচাপ অক্ষরেখার জের! শনি সন্ধ্যাতেও বৃষ্টি রাজ্যে, ৬০ কিমি গতিতে হতে পারে ঝড়ও, চার জেলায় শিলাবৃষ্টি

রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ থেকে কমবে। তবে বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে। আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৭:২১
Share:

শনিবার সন্ধ্যায় আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ গোটা রাজ্যে। — ফাইল চিত্র।

গত দু’দিন ধরে বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে ঝড়ের দাপট দেখেছে রাজ্য। শনিবারও সেই সম্ভাবনা রয়েছে। প্রায় গোটা রাজ্যেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। কোনও কোনও জেলায় ঝড়ের গতি ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। রাজ্যের চার জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, দু’দিন রাজ্যের তাপমাত্রা কিছুটা কমবে। তার পরে আবার বাড়বে।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝা নিম্নচাপ অক্ষরেখা হিসাবে ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে। সেই সঙ্গে আর একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। এই দুয়ের প্রভাবে শুক্রবার অনেকটাই ঝড়বৃষ্টি হয়েছে রাজ্যে। শনিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। বীরভূম, মু্র্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ থেকে কমবে। তবে বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে। আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা রয়েছে। সমুদ্রে দমকা হাওয়ার কারণে মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা যেতে বারণ করা হয়েছে। দমকা ঝোড়ো হাওয়ার গতি হতে পারে ৬০ কিলোমিটার।

Advertisement

আগামী দু’দিন গোটা রাজ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরে গরম বাড়বে রাজ্যে। পরের পাঁচ দিন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তরবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

শনিবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। দু’-এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৫০-৬০ কিমি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিঙে হতে পারে শিলাবৃষ্টি। রবি এবং সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। মঙ্গলবার আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কালিম্পঙে হতে পারে ভারী বৃষ্টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement