Rain Forecast in West Bengal

দুপুর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রপাত, বৃষ্টি! তিন জেলায় ভারী বর্ষণ, সঙ্গে ৬০ কিমি ‌গতিবেগে ঝড়ের পূর্বাভাস

উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে ভারী বর্ষণের সতর্কতা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৪:২৯
Share:

আগামী কয়েক দিন রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা। — ফাইল চিত্র।

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পর তা ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে। তার আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রোজই বিক্ষিপ্ত ভাবে চলছে প্রাকবর্ষার বৃষ্টি। বৃহস্পতিবার দুপুর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে। তিন জেলায় রয়েছে ভারী বর্ষণের পূ্র্বাভাস। আপাতত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে পরবর্তী তিন ঘণ্টা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বৃহস্পতিবার ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে।

শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় আগামী সপ্তাহান্তে রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি না হলেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে। তবে বৃষ্টির কারণে আগামী সাত দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না।

Advertisement

উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে ভারী বর্ষণের সতর্কতা। দার্জিলিঙে সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement