—প্রতীকী চিত্র।
ভোট ঘোষণার অনেক আগে থেকেই শহরের বিভিন্ন এলাকায় শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। সাধারণ এলাকার সঙ্গে স্পর্শকাতর এলাকায় রুট মার্চের পাশাপাশি মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে বিভিন্ন বুথের সামনে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। একই সঙ্গে, কেন্দ্রীয় বাহিনীর অফিসার এবং জওয়ানেরা বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ সারবেন বলে সূত্রের খবর। আর পুরো রুট মার্চ বা টহল এবং জনসংযোগের পুরো ঘটনা ভিডিয়ো করে রাখার জন্য স্থানীয় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মতো কাজ শুরু হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
নির্বাচন কমিশনের নিয়ম মেনে কলকাতা পুলিশ এলাকায় পৌঁছে গিয়েছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভাঙড় এবং দক্ষিণ-পশ্চিম ডিভিশনে দুই কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হয়েছে। বাকি আটটি ডিভিশনে মোতায়েন করা হয়েছে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। পুলিশ সূত্রের খবর, প্রতিটি থানা তাদের যে সমস্ত এলাকায় অতীতের নির্বাচনে রাজনৈতিক গোলমাল হয়েছিল বা যেখানে গোলমাল হওয়ার আশঙ্কা রয়েছে, সেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করাচ্ছে। এক প্লাটুন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ওই টহল দেওয়ানো হচ্ছে। এক পুলিশকর্তা জানান, সাধারণ মানুষের মনে সাহস জোগানোর পাশাপাশি ভোটারদের আস্থা অর্জনের জন্য কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বিভিন্ন এলাকায় টহল দেওয়ানো হচ্ছে। এলাকার দুষ্কৃতীদের সর্তকবার্তা পাঠানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির মাধ্যমে।
লালবাজার জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর টহল যাতে ভিডিয়ো রেকর্ডিং করে রাখা হয়, তার জন্য থানাগুলিকে বলা হয়েছে। প্রয়োজনে ওই ভিডিয়ো রেকর্ডিং নির্বাচন কমিশনে পাঠানো হবে। আপাতত ওই রেকর্ডিং পুলিশের কাছে রাখতে বলা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ঠিক ভাবে রুট মার্চ বা টহল দেওয়ানো হচ্ছে কিনা, তা-ও খতিয়ে দেখা যাবে বলে পুলিশের একাংশ জানিয়েছে।
বুধবার তালতলা, মুচিপাড়া, গিরিশ পার্ক-সহ বিভিন্ন থানা এলাকায় টহল দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বর্তমানে যে এলাকাগুলিতে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে, সেই সমস্ত জায়গাতেই টহল দেওয়া হয়েছে। সেই সঙ্গে যে সব স্কুলে বুথ হওয়ার কথা রয়েছে, সেই সব জায়গাতেও গিয়ে খোঁজখবর করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে