Humayun Kabir

পূর্বতন সরকারের আমলে দুর্নীতি! বেলডাঙার পঞ্চায়েত সমিতিতে তালা ঝোলালেন হুমায়ুন

সোমবার দুপুরে বেশ কয়েক জনকে সঙ্গে নিয়ে শক্তিপুর থানার বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে ঢুকে পড়েন হুমায়ুন। তাঁর সরাসরি অভিযোগ, তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত সমিতিতে সরকারি প্রকল্পের কাজে বেনিয়ম হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৭:৩৫
Share:

হুমায়ুন কবীর। — ফাইল চিত্র।

বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতির ঘরে তালা ঝোলালেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নবনির্বাচিত বিধায়ক হুমায়ুন কবীর। অভিযোগ, ‘দুয়ারে রেশন’ প্রকল্পে দুর্নীতি হয়েছে।

Advertisement

সোমবার দুপুরে বেশ কয়েক জনকে সঙ্গে নিয়ে শক্তিপুর থানার বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে ঢুকে পড়েন হুমায়ুন। তাঁর সরাসরি অভিযোগ, তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত সমিতিতে সরকারি প্রকল্পের কাজে বেনিয়ম হয়েছে। বিধায়কের দাবি, “দুয়ারে সরকার কর্মসূচিতে প্রায় ২৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে। রেজিনগর বিধানসভার তৃণমূল প্রার্থী আতাউর রহমানের নেতৃত্বে এই লুটতরাজ চলেছে।” ওই পঞ্চায়েত সমিতির সভানেত্রী বিউটি বেগম আতাউরের স্ত্রী। হুমায়ুনের হুঁশিয়ারি, “যত ক্ষণ না এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে, তত ক্ষণ কোনও টাকা দেওয়া যাবে না।”

পঞ্চায়েত সমিতির পাশাপাশি, সোমবার ভূমি এবং ভূমি সংস্কার দফতরের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হুমায়ুন। তাঁর অভিযোগ, বিএলআরও দফতরে লাগামহীন দুর্নীতি চলছে এবং প্রশাসনের মদতেই এলাকায় সক্রিয় হয়ে উঠেছে মাটি মাফিয়া চক্র। এই বিষয়ে আলোচনার জন্য বিএলআরও-র সঙ্গে বৈঠকও করেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, নির্বাচনের ঠিক আগে জলাজমি ভরাট করে হুমায়ুনের বসতবাড়ি তৈরি করার অভিযোগে তাঁর স্ত্রীকে শো কজ় করেছিল রাজ্যের ভূমি দফতর। সেই নিয়ে ভোটের আগে বিপাকে পড়েছিলেন হুমায়ুন। জল্পনা, ভোটে জিতে তাই পঞ্চায়েত এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি। যদিও সদ্য নির্বাচিত বিধায়কের দাবি, জনস্বার্থেই এই প্রতিবাদ তিনি করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement