হুমায়ুন কবীর। — ফাইল চিত্র।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তিনি রেজিনগর আসন ছেড়ে দিতে পারেন। প্রস্তাব দিলেন তৃণমূল থেকে অতীতে নিলম্বিত (সাসপেন্ডেড) হুমায়ুন কবির। তবে নওদার বিধায়ক জানালেন, এ জন্য তাঁকে বলতে হবে মমতাকেই।
গত বছর বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন। তার পরেই তাঁকে নিলম্বিত করেছিল তৃণমূল। তার পরে নিজের দল গড়েন হুমায়ুন— আম জনতা উন্নয়ন পার্টি। মুর্শিদাবাদের নওদা এবং রেজিনগর, দু’টি আসনে দাঁড়িয়েই জয়ী হন হুমায়ুন। তবে নওদার বিধায়ক হয়েই শপথ গ্রহণ করেছেন তিনি। এ বার তাঁর প্রস্তাব, মমতা চাইলে তাঁর জন্য ছেড়ে দিতে পারেন রেজিনগর বিধানসভা। যদিও সূত্রের খবর ছিল, সেখানে নিজের পুত্রকে প্রার্থী করতে চান হুমায়ুন।
হুমায়ুন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ালে জিতে আসতে পারবেন না। কিন্তু তিনি যদি চান, আমি তাঁকে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি। তার জন্য নেত্রীকে আমার কাছে আসতে হবে। আমি আসন ছেড়ে দেব।” রেজিনগর কেন্দ্রে নিজের রাজনৈতিক আধিপত্যের কথা মনে করিয়ে দিতেও ছাড়েননি নওদার বিধায়ক। তাঁর কথায়, “ওঁর কথা কেউ না শুনলেও (এখন) রেজিনগরে হুমায়ুনই শেষ কথা।” হুমায়ুন এ-ও জানান, বর্তমানে মমতাকে দেখে তাঁর খারাপ লাগছে। আর সে জন্যই নিজের পূর্বতন দলের নেত্রীর পাশে দাঁড়াতে চান তিনি।