— প্রতীকী চিত্র।
পরীক্ষার ফলাফল প্রত্যাশা পূরণ করতে পারেনি। আর সেই অভিমানেই চরম পথ বেছে নিল এক ছাত্রী। মাধ্যমিকের ফল দেখার পরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মুর্শিদাবাদের বেলডাঙার এক কিশোরী। মৃত ছাত্রীর নাম সুরাইয়া খাতুন। বেলডাঙা থানার মির্জাপুর পূর্বপাড়া এলাকায় সে থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরাইয়া মির্জাপুর হাজি সোলেমান চৌধুরি হাই স্কুলের ছাত্রী ছিল। শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার পরে সে জানতে পারে, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। পরিবারের দাবি, ফল জানার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিল সুরাইয়া। এর কিছুক্ষণ পরে ঘরের ভিতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিজনেরা। তড়িঘড়ি উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বেলডাঙা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।