Road Accident in Nadia

নাকা তল্লাশিতে থামানো ডাম্পারে ধাক্কা স্কুলভ্যানের, নদিয়ায় রক্তাক্ত কচিকাঁচারা! পুলিশকে ঘিরে বিক্ষোভ

উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় পুলিশ। প্রায় ঘণ্টাখানেক জাতীয় সড়ক অবরোধ করে রাখেন বাসিন্দারা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৫:৫৮
Share:

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া স্কুলভ্যান এবং ডাম্পার। —নিজস্ব ছবি।

রাস্তার ধারে ডাম্পার দাঁড় করিয়ে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় ডাম্পারের পিছনে ধাক্কা মারল একটি স্কুলভ্যান। দুর্ঘটনায় জখম হয়েছে অন্তত ১৮টি শিশু। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নদিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে। কালীগঞ্জ থানার পলাশি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছে ছাত্র সহ অন্তত ১৮ জন । আহতদের মধ্যে আট জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে বলে খবর।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের রেজিনগরের দিক থেকে একটি ডাম্পার আসছিল। নাকা তল্লাশির জন্য ডাম্পারটিকে থামিয়েছিল পুলিশ। ডাম্পারটি ব্রেক কষে দাঁড়ানোর প্রায় সঙ্গে সঙ্গে পিছনে থাকা ওই স্কুলভ্যান ধাক্কা মারে। গাড়ির সামনের অংশ দুমড়ে যায়। কচিকাঁচাদের আর্ত চিৎকার শোনেন বাসিন্দারা। তাঁরাই গিয়ে উদ্ধারকাজে হাত লাগান। একই সঙ্গে শুরু হয় বিক্ষোভ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন এলাকাবাসী।

কিছু ক্ষণের মধ্যে দুর্ঘটনাস্থলে গিয়েছিল পুলিশবাহিনী। তাতে আরও উত্তেজনার সৃষ্টি হয়।উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় পুলিশ। প্রায় ঘণ্টাখানেক জাতীয় সড়ক অবরোধ করে রাখেন বাসিন্দারা।

Advertisement

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ডাম্পার এবং স্কুলভ্যানটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কার ভুলে এমন দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement