Civic volunteer

প্রশিক্ষণ নিতে গিয়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের! ফুলবাড়ির ক্যাম্পে বিক্ষোভ সহকর্মীদের

সহকর্মীদের একাংশের দাবি, দ্রুত চিকিৎসার কোনও ব্যবস্থা করা হয়নি। যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩
Share:

ফুলবাড়ির প্রশিক্ষণ শিবিরে বিক্ষোভ। — নিজস্ব চিত্র।

ফুলবাড়িতে চলছিল সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ নিতে এসে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মণ। তিনি মাথাভাঙ্গা থানায় কর্মরত ছিলেন। ছ’দিনের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে তিনি ১২ নম্বর ব্যাটেলিয়ানে গিয়েছিলেন। সেখানেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

সূত্রের খবর, রবিবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হন পঙ্কজ। সেই সময় শিবিরে থাকা সেন্ট্রিকে বিষয়টি জানানো হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। সহকর্মীদের একাংশের দাবি, দ্রুত চিকিৎসার কোনও ব্যবস্থা করা হয়নি। যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ট্রেনিংয়ে আসা অন্য সিভিক ভলান্টিয়ারেরা। সোমবার সকালে পুলিশ ক্যাম্পের ভিতরে বিক্ষোভ দেখাচ্ছেন প্রশিক্ষণরত সিভিক ভলান্টিয়ারদের একাংশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। ঘটনার তদন্তের দাবি তুলছেন বিক্ষোভকারীরা।

Advertisement

অন্যদিকে সিভিক ভলান্টিয়ারের মৃত্যুর জন্য মানসিক চাপ ও অব্যবস্থাকে দায়ী করেছেন শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভার বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতন শঙ্কর ঘোষ। সোমবার শিলিগুড়ি কাছারি রোডের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করেন বিধায়ক। তিনি বলেন, ‘‘প্রচন্ড মানসিক চাপে এই মৃত্যু। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। সঠিক পরিকাঠামো থাকলে এই মৃত্যু ঠেকানো যেত। গোটা বিষয়টি আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement