সেবকে রাস্তার পাশে তিস্তার ভাঙনে ধসে পড়ছে মাটি। —নিজস্ব চিত্র।
সিকিমগামী জাতীয় সড়কে ধস পড়ে যান চলাচল ফের বিপর্যস্ত হয়ে পড়ল। বৃহস্পতিবার সকালে সেবক এবং কালীঝোরার মাঝামাঝি এলাকায় ৩১ এ জাতীয় সড়কে ধস নামে। তাতে সকাল থেকেই যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও বিভিন্ন পর্যটন সংস্থা সূত্রে খবর, পরে রাস্তার একাংশ থেকে ধস সরালে যান চলাচল শুরু হয়। তবে তাতে যে কোনও এক দিক থেকে গাড়ি যেতে পারছে। অন্য দিকের গাড়িগুলিকে অপেক্ষা করতে হচ্ছে। ধসের কারণে দুপুরে গাছ পড়ে ফের রাস্তা আটকে যায়। প্রায় ঘণ্টা তিনেক পরে তা সরিয়ে ফের একমুখী যান চলাচল শুরু হয়। গত দু’দিন ধরেই ধসের জন্য যান চলাচলে সমস্যা হচ্ছে। প্রশাসন ধস সরানোর কাজ করছে।