নষ্ট করা হচ্ছে আফিম গাছ। — নিজস্ব চিত্র।
পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের ডুবির ভেরি, মহেশ্বরবাটি, বীরেন্দ্রনগর গ্রামের কিছু জমিতে লুকিয়ে আফিম চাষের অভিযোগ উঠেছে। খবর পেয়ে বৃহস্পতিবার গ্রামে পৌঁছোয় পোলবা থানার পুলিশ। নষ্ট করে প্রায় সাড়ে চার হাজার আফিম গাছ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,আফিম চাষ বেআইনি জানা সত্ত্বেও কয়েক জন চাষী পোস্ত পাওয়ার আশায় লুকিয়ে এই চাষ করছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সেই গাছ নষ্ট করে।
স্থানীয় আমনান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ মালিক বলেন, ‘‘আমরা আফিম চাষের বিষয়ে কিছু জানতাম না। বৃহস্পতিবার শুনলাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে কয়েক জন আফিম চাষ করেছে। পোলবা থানার বড়বাবু পুলিশ নিয়ে গিয়ে সেই গাছ নষ্ট করেছেন।’’ তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি, স্বীকার করে নিয়েছেন যে এই পদক্ষেপ জরুরি ছিল।
এর আগে হুগলি গ্রামীণ পুলিশ বলাগড় থানা এলাকায় এভাবেই গাঁজা গাছ নষ্ট করেছিল। অভিযোগ, কয়েক লক্ষ টাকার গাঁজা গাছ এক জনের বাড়ির উঠোনে চাষ করা হয়েছিল। তার খোঁজ পেয়ে পুলিশ গিয়ে সব গাছ কেটে ফেলে।