পুরুলিয়ার রাস্তায় বাইক দুর্ঘটনায় মৃত এক। —নিজস্ব চিত্র।
বন্ধুর সঙ্গে বাইক নিয়ে বেড়াতে বেরিয়ে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রবিবার পুরুলিয়ার ঘটনা। স্থানীয়দের একাংশের দাবি, ‘‘বাইক নিয়ে ‘স্টান্টবাজি’ করতে ঘুরতে দুর্ঘটনা ঘটিয়েছেন যুবক।’’ বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা মারে বাইকটি। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিক্রম রায়। বয়স ২৭ বছর। বাড়ি পুরুলিয়া মফস্সল থানার শ্যামপুর গ্রামে। মাসখানেক আগে তাঁর বিয়ে হয়েছে। রবিবার এক বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন বিক্রম। ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে যুবকের। জখম হয়েছেন তাঁর বন্ধু। স্থানীয়েরা জানিয়েছেন, কারও মাথায় হেলমেট ছিল না। তা ছাড়া বাইকের গতিও ছিল অনেক। বিকেলে চাষমোড়ে দুর্ঘটনাটি হয়। বাইক থেকে ছিটকে মাথা ফেটে যায় বিক্রমের। নাক-মুখ থেকে রক্ত বার হতে শুরু করে। উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়ে দেন, আগেই মারা গিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ট্রাকটিকেও আটক করেছে তারা। পুরুলিয়া জেলার ডিএসপি ট্রাফিক অরিন্দম চক্রবর্তী বলেন, ‘‘বিনা হেলমেটে বাইক চালানোর জন্য জেলা জুড়ে জরিমানা করা হচ্ছে। আমরা সকলকে অনুরোধ করছি, বাইক নিয়ে বেরোলে অবশ্যই হেলমেট ব্যবহার করুন। নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্যই আবেদন করছে পুলিশ। তাদেরই লাভ। আর কাউকে ‘স্টান্টবাজি’ করতে দেখা গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’’