পুরীতে পরিবার নিয়ে বেড়াতে গিয়ে সমুদ্রে নিখোঁজ হয়ে গিয়েছেন আদ্রার এক যুবক। আদ্রা থানা সূত্রে জানা গিয়েছে, বছর আঠাশের ওই যুবকের নাম শুভজিৎ মুখোপাধ্যায়। তাঁর বাড়ি আদ্রার বেনিয়াসোল এলাকায়। দুর্ঘটনায় ঘটেছে রবিবার সকালের দিকে। প্রসঙ্গত শুভজিতের বাবা মনোজবাবু আদ্রার অন্যতম বড় পুজো অগ্রদূত সর্বজনীনের সম্পাদক। এই দুর্ঘটনার জেরে এ দিন অগ্রদূতের পুজোর বিসর্জনে শোভাযাত্রা বন্ধ রাখা হয়। নিখোঁজ যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, মনোজবাবুর দুই ছেলে পেশায় স্কুলের শিক্ষক শঙ্কর মুখোপাধ্যায় ও মধ্যপ্রদেশের খান্ডোয়ার একটি বিদ্যুৎকেন্দ্রের কর্মী শুভজিৎ তাঁদের পরিবার নিয়ে গত ২৩ অক্টোবর রাতে পুরী গিয়েছিলেন। দু’টি পরিবার উঠেছিল পুরীর স্বর্গদুয়ারের কাছে একটি হোটেলে। প্রসঙ্গত ছয় মাস আগে বিয়ে হয় শুভজিতের। এ দিন সকালে জগন্নাথদেবের মন্দিরে পুজো দিয়ে সবাই মিলে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। সেই সময়ে একটি বড় আকারের ঢেউ আসায় তলিয়ে যান শুভজিৎ। ভাইকে বাঁচাতে গিয়ে জখম হন শঙ্কর। তাঁকে উদ্ধার করে ভর্তি করানো হয় পুরী সদর হাসপাতালে। বিকালের দিকে অবশ্য তাঁর জ্ঞান ফিরেছে। এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুজো কমিটির লোকজন ও মনোজবাবুর আত্মীয়েরা স্থানীয় পুলিশের মাধ্যমে পুরী পুলিশের সাথে যোগাযোগ করে। তাঁরা পুরী রওনা দেন। মনোজবাবু বলেন, “শঙ্করের জ্ঞান ফিরলেও শুভজিতের কোনও সন্ধান মেলেনি। সকলে প্রচণ্ড উৎকন্ঠায় রয়েছি।