ISKCON

রাধারমণ দাসকে সহ-সভাপতির পদ থেকে সরিয়ে দিল ইসকন কলকাতা! কারণ প্রকাশ্যে জানালেন সন্ন্যাসী

বিবৃতিতে রাধারমণ জানান, কর্তৃপক্ষ তাঁকে যে কারণগুলি জানিয়েছেন, তার মধ্যে অন্যতম হল বাংলাদেশে হিন্দু ও ইসকন ভক্তদের উপর নির্যাতনের বিষয়টি নিয়ে প্রকাশ্যে বক্তব্য জানানো এবং সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৯:৩৭
Share:

কলকাতা ইসকনের সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল রাধারমন দাসকে। ফাইল ছবি।

কলকাতা ইসকনের সহ-সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাধারমণ দাসকে। রবিবার সমাজমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তিনি নিজেই সে কথা জানিয়েছেন। আপাতত, তাঁকে ইসকনের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংবাদমাধ্যম, সরকারি কর্তৃপক্ষ কিংবা কোনও জনসমক্ষে ইসকনের প্রতিনিধিত্ব বা সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতেও নিষেধ করা হয়েছে।

Advertisement

বিবৃতিতে রাধারমণ জানান, কর্তৃপক্ষ তাঁকে যে কারণগুলি জানিয়েছেন, তার মধ্যে অন্যতম হল বাংলাদেশে হিন্দু ও ইসকন ভক্তদের উপর নির্যাতনের বিষয়টি নিয়ে প্রকাশ্যে বক্তব্য জানানো এবং সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া। এ ছাড়া বাংলাদেশের জেলে বন্দি চিন্ময়কৃষ্ণ দাসের সমর্থনে প্রকাশ্যে মতপ্রকাশ করাও তাঁর বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের অন্যতম কারণ বলে দাবি তাঁর। এ ছাড়া, বিজেপি নেত্রী মেনকা গান্ধীর বিরুদ্ধে আইনি নোটিস পাঠানোর ঘটনাও কারণ হিসাবে দাবি করেছেন তিনি।

রাধারমণ আরও জানান, কৌতুকশিল্পী সুরলীন কৌরের বিরুদ্ধে সাইবার অভিযোগ দায়ের, সনাতন ধর্মের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়া, ১৯৭৬ সালের নিউ ইয়র্ক রথযাত্রার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে একটি সামাজিক মাধ্যমের পোস্ট ভাগ করে নেওয়া একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশগ্রহণ করাও এই সিদ্ধান্তের নেপথ্য কারণ। তিনি আরও জানান, ইসকন কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সম্মান করে ভবিষ্যতে নির্দেশ মেনে চলবেন। তিনি বলেছেন, ‘‘এখন থেকে আমি ইসকনের পক্ষ থেকে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করব না কিংবা জনসমক্ষে সংগঠনের প্রতিনিধিত্ব করব না।’’

Advertisement

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাধারমণ দাসের ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘ দিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা ছিল। রাজ্যের বিভিন্ন সরকারি ও ধর্মীয় অনুষ্ঠানে তাঁকে মুখ্যমন্ত্রীর পাশে দেখা গিয়েছে। দিঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার সময়ও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। তৎকালীন বিরোধী দলনেতা তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেই সময় রাধারমণের ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement