West Bengal Weather Update

বিকেলে ঝড়-বৃষ্টি কলকাতায়, দক্ষিণবঙ্গ জুড়ে টানা পাঁচ দিন বর্ষণের পূর্বাভাস দিল হাওয়া অফিস

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৪ ১০:০০
Share:

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। —ফাইল চিত্র।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। শনিবার বিকেল থেকে বৃষ্টি শুরু হতে পারে কলকাতায়। বিকেলে কলকাতার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার বৃষ্টি আরও বাড়বে।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়াও ভিজবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। শনিবার এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার সর্বত্রই বৃষ্টি বাড়তে পারে। সোম থেকে বুধবার পর্যন্ত সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গ আপাতত শুকনো থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং এবং কালিম্পঙে শনিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সপ্তাহের বাকি দিনগুলি শুকনোই থাকবে। উত্তরের অন্যান্য জেলাতেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement

বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। তা-ও স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ছিল।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। সেই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার প্রভাবেই সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে গাঙ্গেয় বঙ্গে। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement