গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জোড়া কর্মসূচি রয়েছে। প্রথমে সকালে স্বাস্থ্য ভবনে চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির থাকবেন তিনি। পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী থাকবেন। সেখানে ‘অন্নপূর্ণা ভান্ডার’ নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর।
আজ নতুন টি-টোয়েন্টি সিরিজে নামছে ভারত। দুর্বল আয়ারল্যান্ডের কাছে ০-২ ফলে হারার পর এ বার শ্রেয়স আয়ারের দলকে খেলতে হবে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে। পাঁচ ম্যাচের সিরিজে আজ প্রথম ম্যাচ। গত সিরিজে বৈভব সূর্যবংশীকে না খেলানো নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আজ কি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে তার? ইতিহাস কি লেখা হবে? খেলা রাত ১০টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে। আজ বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের চতুর্থ দিন। আজ রাত ও কাল ভোর মিলিয়ে তিনটি ম্যাচ। শুরু ইংল্যান্ড বনাম কঙ্গো ম্যাচ দিয়ে। খেলা রাত ৯:৩০ থেকে। এরপর নকআউটে নামছে বেলজিয়াম। বিপক্ষে সেনেগাল। খেলা রাত ১:৩০ থেকে। কাল ভোর ৫:৩০ থেকে রয়েছে আয়োজক দেশ আমেরিকার খেলা। বিপক্ষে বসনিয়া। তিনটি খেলাই দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে।
শুক্রবার নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে সপ্তাহান্তে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তিন জেলায় হতে পারে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি। উত্তরবঙ্গেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।