গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
ভোটগণনার আগে তৃণমূলের সব কাউন্টিং এজেন্টকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল ৪টের সময়ে ওই বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠক থেকে রাজ্যের ২৯১টি কেন্দ্রেরই দলীয় কাউন্টিং এজেন্টেদের উদ্দেশে বার্তা দেবেন তাঁরা। আজ এই খবরে নজর থাকবে।
আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) চিঠি লিখে পুনর্নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল ৭টা থেকে ওই বুথগুলিতে পুনর্নির্বাচন শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত মামলা কলকাতা হাই কোর্টে খারিজের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। তাদের মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত। আজ এই মামলার শুনানি হবে। মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সকাল সাড়ে ১০টায় তৃণমূলের দায়ের করা মামলা শুনবে।
ভোটগ্রহণ পর্ব মিটলেও রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। ভোটপর্ব মেটার পরে শুরু হয়েছে স্ট্রংরুম বিতর্ক। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তৃণমূলের ধর্না-বিক্ষোভ এবং বিজেপির পাল্টা জমায়েত সরগরম ছিল উত্তর এবং দক্ষিণ কলকাতার দুই গণনাকেন্দ্র— ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। শুক্রবারও এই নিয়ে টানাপড়েন চলে। তৃণমূল, বিজেপি দু’পক্ষই সুর চড়ায়। সিইও দফতরেও যায় তৃণমূলের প্রতিনিধি দল। আজ ভোট পরবর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে।
রাজ্যে এখনই থামছে না ঝ়ড়বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পাশাপাশি চলবে ঝড়। আগামী মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যে জারি রয়েছে সতর্কতা। সোমবার, ভোট গণনার দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় হতে পারে। গোটা দক্ষিণবঙ্গেই সে দিন রয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের আট জেলায় রয়েছে হলুদ সতর্কতা।
আজ শনিবার হলেও আইপিএলে একটিই ম্যাচ। যে ম্যাচ ঘিরে সকলের বাড়তি আগ্রহ থাকে, আজ সেই চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি লড়াই। যদিও দুই দলই একেবারেই ভাল খেলতে পারছে না। আটটি ম্যাচ খেলে চেন্নাই জিতেছে তিনটি, মুম্বই মাত্র দু’টি। প্রথম পর্বের ম্যাচে মুম্বইয়ের ঘরের মাঠে চেন্নাই ১০৩ রানে জিতেছিল। মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মা, কেউই সেই ম্যাচে খেলেননি। আজও দু’জনের খেলার ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। আজ কি চেন্নাইয়ের ঘরের মাঠে বদলা নিতে পারবে মুম্বই? না কি চেন্নাইকে আবার হারাবে হার্দিক পাণ্ড্যের দল? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।