News Of The Day

কার হাতে পশ্চিমবঙ্গ, স্পষ্ট হয়ে যাবে দুপুরেই। রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা। আইপিএলে মুম্বই-লখনউ। আর কী

আজ ২৯৩ কেন্দ্রে ভোটগণনা হবে। ওই আসনগুলিতে মোট ৪৩২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটগণনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ০৬:৪৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

পরিবর্তন না প্রত্যাবর্তন! এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। সেই আবহেই সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটগণনা। ফলতায় আবার ভোট ঘোষণা হওয়ায় আজ ২৯৩ কেন্দ্রে ভোটগণনা হবে। ওই আসনগুলিতে মোট ৪৩২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৩৩টি আসনে ৪৯ জন গণনা পর্যবেক্ষক রয়েছেন। বর্তমানে শাসক তৃণমূল, বিরোধী বিজেপি। এই দুই রাজনৈতিক শক্তির মধ্যে লড়াই হলেও ময়দানে রয়েছে বামফ্রন্ট ও আইএসএফ জোট। এ ছাড়াও ২০ বছর পর রাজ্যের বিধানসভা নির্বাচনে একক ভাবে লড়াই করছে কংগ্রেস। রয়েছে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টিও।

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটগণনার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, হুগলির কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাগুলিতেও কমবেশি ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও হতে পারে ঝড়বৃষ্টি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।

Advertisement

আইপিএলে আজ মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। পয়েন্ট তালিকায় সকলের নীচে থাকা দু’টি দলের খেলা। হার্দিক পাণ্ড্যের মুম্বই ন’টি ম্যাচ খেলে মাত্র দু’টি জিতেছে। ঋষভ পন্থের লখনউ আটটি ম্যাচ খেলে দু’টি জিতেছে। মুম্বই শেষ তিনটি ম্যাচ হেরেছে। লখনউ শেষ পাঁচটি ম্যাচ হেরেছে। আজ যারা হারবে, তাদের প্লে-অফে ওঠা কার্যত অসম্ভব হয়ে যাবে। মুম্বইয়ে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ডোনাল্ড ট্রাম্প তাদের শান্তিপ্রস্তাব নাকচ করার পরে ইরান জানিয়ে দিয়েছে যে, আমেরিকার সামনে দু’টি বিকল্প রাখছে তারা। তেহরানের তরফে জানানো হয়েছে, আমেরিকার সামনে কূটনৈতিক প্রক্রিয়ায় আলোচনা চালিয়ে নিয়ে যাওয়া এবং সংঘাতের অবসান ঘটানোর সুযোগ রয়েছে। দ্বিতীয় বিকল্পটি হল যুদ্ধ করা। আমেরিকা হামলা করলে যে তারাও প্রত্যাঘাত করবে, সেই ইঙ্গিত দিয়ে রেখেছে তেহরান। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement