News Of The Day

এসআইআরের প্রতিবাদে ধর্নায় মমতা। কী পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। কাল বিশ্বকাপের ফাইনাল। আর কী কী

এসআইআরের মাধ্যমে ‘গণতন্ত্র হত্যার প্রতিবাদ’ এবং রাজ্যের বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের ‘চক্রান্তের’ বিরুদ্ধে শুক্রবার থেকে ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল। কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে শুক্রবার থেকে শুরু হয়েছে ওই কর্মসূচি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৭:৫৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

এসআইআরের মাধ্যমে ‘গণতন্ত্র হত্যার প্রতিবাদ’ এবং রাজ্যের বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের ‘চক্রান্তের’ বিরুদ্ধে শুক্রবার থেকে ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল। কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে শুক্রবার থেকে শুরু হয়েছে ওই কর্মসূচি। প্রথম দিনে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যের মন্ত্রী, দলীয় সাংসদ, বিধায়করা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা ছিলেন। তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধর্না চলবে। শুক্রবার রাত ৮টার পরে মঞ্চের আলো নিবিয়ে দেওয়া হয়। আজ সকাল ১০টা থেকে আবার তিনি ধর্নামঞ্চে থাকবেন। নজর থাকবে সে দিকে।

আমেরিকা এবং ইজ়রায়েল সাঁড়াশি হামলা চালিয়ে যাচ্ছে ইরানের উপর। শুক্রবার ইরানের রাজধানী তেহরানের বুকে মুহুর্মুহু আছড়ে পড়ে ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র। ৫০টি যুদ্ধবিমান একযোগে তেহরানে সামরিক এবং ভূগর্ভস্থ বাঙ্কার লক্ষ্য করে হামলা চালায়। অন্য দিকে, ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইজ়রায়েল এবং পশ্চিম এশিয়ায় আমেরিকার অন্য বন্ধু দেশগুলির উপরে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার, ইরাক, তুরস্ক, বাহরিন, জর্ডন-সহ বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে তারা। যদিও ইরানের দাবি, উপসাগরীয় দেশগুলির উপর হামলা করা তাদের উদ্দেশ্য নয়। তাদের লক্ষ্য শুধু ওই দেশগুলির মার্কিন ঘাঁটি এবং সম্পত্তিকে ধ্বংস করা। পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

Advertisement

অপেক্ষা আর এক দিনের। কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। লড়াই ভারত ও নিউ জ়িল্যান্ডের। ভারত এ বারের বিশ্বকাপে একটিই ম্যাচ হেরে ফাইনালে উঠেছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে সূর্যকুমার যাদবের দল। নিউ জ়িল্যান্ড দু’টি ম্যাচ হেরে ফাইনালে উঠেছে। ইডেনে কিউয়িরা সেমিফাইনালে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। মিচেল স্যান্টনারের দল দুর্দান্ত ফর্মে রয়েছে। ফাইনালে নামার আগে থাকছে দুই দলের সব খবর, বিশ্লেষণ।

শুরু হয়ে গিয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার মেয়েদের টেস্ট ম্যাচ। দিন-রাতের গোলাপি বলের টেস্টে প্রথম দিন টস হেরে প্রথমে ব্যাটিং করছে ভারত। প্রথম দিনই ১৯৮ রানে শেষ হয়ে গিয়েছে স্মৃতি মন্ধানা-হরমনপ্রীত কৌরদের ইনিংস। অস্ট্রেলিয়া দিনের শেষে ৩ উইকেটে ৯৬ রান তুলেছে। চার দিনের ম্যাচের আজ দ্বিতীয় দিনের খেলা। পার‌্থের ওয়াকায় খেলা শুরু সকাল ১০:৫০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ৩ চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আগামী সপ্তাহে কলকাতা-সহ গোটা রাজ্যেই হতে পারে হালকা বৃষ্টি। কয়েকটি জেলায় আবার ঝড়বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে। তবে বৃষ্টির জন্য তাপমাত্রার খুব একটা হেরফের হবে না রাজ্যে। নতুন করে শীতের আমেজ মেলার সম্ভাবনা আপাতত নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement