News Of The Day

মোদী-শাহদের উপস্থিতিতে ব্রিগেডে শপথ নেবেন শুভেন্দু। ভোট পরবর্তী পরিস্থিতি। আবহাওয়া। আর কী কী

পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্রে জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়াও আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন প্রায় ৪০ জন ভিভিআইপি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০৭:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। আজই কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্রে জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়াও আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন প্রায় ৪০ জন ভিভিআইপি। সে জন্য নিরাপত্তাও জোরদার করা হয়েছে। আজ শহর জুড়ে যান চলাচলও নিয়ন্ত্রিত। ঘটনাবহুল শনিবারে নজর থাকবে ব্রিগেড প্যারেড ময়দানের শপথগ্রহণ এবং ওই সম্পর্কিত ঘটনাপ্রবাহে।

মোটামুটি শান্তিতে ভোট মিটলেও, ফলের পর অশান্তি দেখা গিয়েছে নানা জায়গায়। জায়গায় জায়গায় মারধর, খুনের চেষ্টা থেকে বোমাবাজির অভিযোগ উঠছে। উদ্ধার হচ্ছে অস্ত্রশস্ত্র। এর মধ্যে গুলি করে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। এমতাবস্থায় শুক্রবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে বিজেপি। শুক্রবার অবশ্য ভোট পরবর্তী হিংসার মতো কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।

Advertisement

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে ভিন্‌রাজ্যের পাশাপাশি, এ বার জেলবন্দি ‘সুপারি কিলার’দের উপরেও নজরদারি শুরু হল। সূত্রের খবর, জেলবন্দি পেশাদার খুনিদের সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেছেন তদন্তকারীরা। শুধু এ রাজ্যই নয়, অন্য রাজ্যেরও জেলে বন্দি পেশাদার খুনিদের সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। চন্দ্রনাথ হত্যার ব্লুপ্রিন্ট জেলে বসেই তৈরি হয়েছিল কি না, কিংবা জেলবন্দি কোনও পেশাদার খুনি এই ঘটনার সঙ্গে জড়িত কি না, তা এখন তদন্তকারীদের আতশকাচের তলায়।

অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি তলবে। আজ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়ের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা।

আইএসএলে আজ কঠিন লড়াই মোহনবাগানের। গোয়ার মাঠে তাদের মুখোমুখি হতে হবে সবুজ-মেরুনকে। আজ জিতলে পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গলকে টপকে আবার শীর্ষে চলে আসতে পারেন কামিংস-পেত্রাতোসেরা। ইস্টবেঙ্গল ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এক ম্যাচ কম খেলে মোহনবাগানের ২০ পয়েন্ট। বাগান কি সকলকে টপকে যেতে পারবে? খেলা বিকেল ৫টা থেকে। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জামশেদপুর। আজই তাদের খেলা রয়েছে বেঙ্গালুরুর বিরুদ্ধে। জামশেদপুর জিতলে তারা শীর্ষে চলে যাবে। এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে।

আইপিএলে আজ একটিই ম্যাচ। রাজস্থান রয়্যালস খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। আজ যারা জিতবে তারা পয়েন্ট তালিকায় শীর্ষে চলে আসতে পারে। বৈভব সূর্যবংশী-রিয়ান পরাগদের এখন ১০ ম্যাচে ১২ পয়েন্ট। শুভমন গিলের গুজরাতেরও তাই। শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদের ১১ ম্যাচে ১৪ পয়েন্ট। আজ কোনও দল কি টপকে যেতে পারবে হায়দরাবাদকে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement