News Of The Day

আইপ্যাক নিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্টে। বাজেট অধিবেশনে বলতে পারেন অভিষেক। আর কী নজরে

আইপ্যাক মামলার শুনানি, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-নামিবিয়া, পাকিস্তান-আমেরিকা, কলকাতার আবহাওয়া, রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল, মাধ্যমিকের পঞ্চম দিনের পরীক্ষা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আর্থিক পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে হানা দিয়েছিল ইডি। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা এবং নথি কেড়ে নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। গত শুনানিতে এই মামলায় মমতার পাল্টা হলফনামা জমা দিতে সময় চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ আবার এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে কী হয় সে দিকে নজর থাকবে।

সংসদে পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটের উপর আজ লোকসভায় বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় অভিষেকই এখন তৃণমূলের সংসদীয় দলের নেতা। সোমবার তাঁর বলার কথা ছিল। কিন্তু সভা মুলতুবি হওয়ার কারণে ডায়মন্ড হারবারের সাংসদ বলতে পারেননি। আজ তিনি বলতে পারেন। বললে কী বলেন, কোন কোন বিষয় তুলে ধরে বেঁধেন কেন্দ্রীয় সরকার তথা বিজেপি-কে, সেই খবরে নজর থাকবে। অন্য দিকে, আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য-সমঝোতা নিয়ে সংসদে আলোচনা চেয়ে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে পারে বিরোধী দলগুলি। পাশাপাশি আজ সকালে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গের বাসভবনে বৈঠকে বসবেন বিরোধী দলগুলির নেতারা। নজর থাকবে সে দিকেও।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতলেও শুরুটা খুব একটা ভাল হয়নি ভারতের। বিশেষ করে ব্যাটিং নিয়ে চিন্তা থাকছে গত বারের চ্যাম্পিয়ন দলের। অধিনায়ক সূর্যকুমার যাদব ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস না খেললে আমেরিকার বিরুদ্ধেও দুঃখ ছিল ভারতের। বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগে ভারতীয় দলের প্রস্তুতির সব খবর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজও তিনটি ম্যাচ। আজ আবার খেলা রয়েছে পাকিস্তানের। বাবর আজ়ম-সলমন আঘাদের দলের সামনে আমেরিকা। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারতে হারতে বেঁচেছে পাকিস্তান। এ বার কি স্বমহিমায় দেখা যাবে তাদের? এই ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে। তার আগে সকাল ১১টা থেকে রয়েছে নেদারল্যান্ডস বনাম নামিবিয়া ম্যাচ। বিকেল ৩টে থেকে রয়েছে নিউ জ়িল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরশাহী খেলা। তিনটি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কিছু দিন শীতের আমেজ অনুভূত হবে কলকাতা-সহ গোটা রাজ্যেই। তার পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী তিন দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তার পরের চার দিনে পারদ চড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে একটিই খেলা চলছে। সেটি বাংলা বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচ। চারটি ম্যাচই একসঙ্গে শুরু হলেও বাকি তিন ম্যাচের ফয়শালা হয়ে গিয়েছে। বাংলার ম্যাচ ড্র হওয়ার দিকে। প্রথম ইনিংসে লিড নেওয়ায় বাংলা সেমিফাইনালে কার্যত উঠে গিয়েছে। আজ কল্যাণীতে শেষ দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।

আজ মাধ্যমিকের পঞ্চম দিনের পরীক্ষা। বিজ্ঞান বিভাগের ভৌতবিজ্ঞান পরীক্ষা রয়েছে আজ। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সোমবার পর্যন্ত কোন‌ও অভিযোগ হয়নি। তবে চার দিনের পরীক্ষায় মোবাইল ব্যবহারের জন্য ৩৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement