গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলাটির শুনানি হবে। দুপুর ৩টেয় শুনানি। অনেকের মতে, ৬০ লক্ষ বিচারাধীনের বিষয়টি উঠতে পারে শুনানিতে। বিচারপতিদের জানানো হবে, কত লক্ষ নামের নিষ্পত্তি হল, কত নামের নিষ্পত্তি বাকি এবং এই প্রক্রিয়ার সুবিধা-অসুবিধার কথা। আজ এই মামলার শুনানির দিকে নজর থাকবে।
সফরের তৃতীয় দিনে আজ সকালে প্রথমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বেলুড় মঠে যাবেন। তার পর রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। সকাল সাড়ে ১০টা নাগাদ নিউ টাউনের একটি হোটেলে ওই বৈঠক শুরু হবে। কমিশন সূত্রে খবর, আজ মুখ্যসচিবের পাশাপাশি, রাজ্য পুলিশের ডিজি, মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবে কমিশন। দুপুর সাড়ে ১২টা নাগাদ জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ সাংবাদিক বৈঠক করবে। বিকেলে তারা দিল্লির উদ্দেশে রওনা হবে।
শুক্রবার থেকে কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল। এসআইআর ইস্যুতে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোমবার কর্মসূচির চতুর্থ দিনে মমতা জানিয়েছেন, ধর্না চলবে। আজও দলের সকলকে সময়মতো মঞ্চে পৌঁছে যেতে বলেছেন। তবে অভিষেক ‘দিদি’র কাছে আবেদন করেছেন, নিজের স্বাস্থ্যের কথা ভেবে এবং রাজ্যবাসীর স্বার্থে তাঁকে এ ভাবে ধর্নায় থাকতে হবে না। আন্দোলন, ধর্না যেমন চলছে, চলবে। যদিও সে নিয়ে মমতা কোনও মন্তব্য করেননি। তিনি বলেন, ‘‘আমাদের একটাই পয়েন্ট, ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারকে তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।’’
আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরসূরিকে বেছে নিয়েছে ইরান। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা করা হয়েছে খামেনেই-পুত্র মোজতবা খামেনেইকে। তবে তেহরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ইতিমধ্যে আপত্তি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্ভূত পরিস্থিতিতে আমেরিকা-ইরান সংঘর্ষ আরও জটিল আকার নিতে শুরু করেছে। পশ্চিম এশিয়ায় আমেরিকার বন্ধু দেশগুলির উপর আক্রমণ চালিয়েই যাচ্ছে তারা। পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে আজ।
সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেই লোকসভায় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের কথা ছিল লোকসভায়। কিন্তু তা হয়ে ওঠেনি। দফায় দফায় মুলতুবি হয় লোকসভার অধিবেশন। অন্য দিকে, সোমবারই পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংসদে বক্তৃতা করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে বিরোধী সাংসদেরা চাইছেন পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হোক। এ অবস্থায় আজ সংসদে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।
রাজ্যে এখনই থামছে না হালকা বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় কালবৈশাখী হতে পারে। তবে বুধবারের পর থেকে বৃষ্টি কমবে। যদিও উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই চলবে ঝড়বৃষ্টি। কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।