গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ১৬ জনের। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের তলা থেকে মোট ৩৩ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে এখনও ১৩ জন এসএসকেএমে চিকিৎসাধীন। চার জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর ওই নির্মাণ নিয়ে নানা প্রশ্ন উঠছে। উঠেছে অনিয়মের অভিযোগও। কয়েক জনকে গ্রেফতারও করেছে পুলিশ। তদন্ত কোন পথে এগোচ্ছে? আর কী কী জানা যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপে আজ রাত ও কাল ভোর মিলিয়ে শেষ তিনটি গ্রুপের ফয়সালা। অর্থাৎ, কাল ভোরেই শেষ হয়ে যাচ্ছে গ্রুপ পর্ব। একই দিনে নামছেন লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে মধ্যে সকলের আগে রয়েছে ‘এল’ গ্রুপের ম্যাচ। ইংল্যান্ডের মুখোমুখি পানামা। এই গ্রুপের অন্য ম্যাচে লড়াই ক্রোয়েশিয়া এবং পানামার মধ্যে। দু’টি খেলাই আজ রাত ২:৩০ থেকে। কাল রয়েছে ‘কে’ গ্রুপের শেষ দু’টি ম্যাচ। কলম্বিয়া খেলবে রোনাল্ডোর পর্তুগালের সঙ্গে। কঙ্গোর মুখোমুখি উজবেকিস্তান। এই দু’টি ম্যাচ কাল ভোর ৫টা থেকে। কাল সকাল ৭:৩০ থেকে রয়েছে ‘জে’ গ্রুপের আর্জেন্টিনা-জর্ডন এবং আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ। সব খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে।
ব্যবসায়ীপুত্র কেতন অগ্রবালকে লোণাবলায় লোহাগড় দুর্গ থেকে ঠেলে ফেলে খুনের অভিযোগ উঠেছে। সেই অভিযোগে কেতনের বাগ্দত্তা সিয়া গয়াল এবং তাঁর প্রেমিক চেতন চৌধরিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৮ জুনের ওই ঘটনা কী ভাবে ঘটল, কোন ছকে খুন করা হল কেতনকে— এ হেন নানা প্রশ্ন ঘুরছে তদন্তকারীদের মাথায়। ধৃতেরা ছাড়া এই খুনের ঘটনায় আর কারও কোনও ভূমিকা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। প্রতিদিনই এই খুনের ঘটনা সম্পর্কে নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসছে। ধীরে ধীরে খুলছে রহস্যের জট।
কলকাতার আকাশ থাকবে মেঘলা। বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দুই জেলায় ঝড়বৃষ্টির জন্য লাল সতর্কতা রয়েছে।