West Bengal Weather Update

ঘূর্ণাবর্তের জের, রবিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, গরম কি কমবে?

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ০.৯ কিলোমিটার। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকতে শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:২৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ঘূর্ণাবর্তের জের। রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝ়ড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement

সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানের কিছু জায়গায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারও।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের হচ্ছে না। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে তার পর থেকে টানা চার দিন রাজ্যের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমবে।

Advertisement

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ০.৯ কিলোমিটার। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকতে শুরু করেছে। ফলে স্থানীয় স্তরে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে।

সোমবার উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। আগামী শনিবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে।

Advertisement

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement