Ad-hoc bonus for civic volunteers

সিভিক ভলান্টিয়ারদের বোনাস ঘোষণা ভোটের মুখে, বাড়ল টাকার অঙ্কও! রাজ্যের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

রাজনৈতিক মহলে এই ঘোষণা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, নির্বাচনের আগে সিভিক ভলান্টিয়ারদের খুশি করতেই এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২১:৫২
Share:

বোনাসের অঙ্ক বৃদ্ধি পেল সিভিক ভলান্টিয়ারদের। —প্রতীকী ছবি।

বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার পরই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড়সড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। স্বরাষ্ট্র দফতরের পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং গ্রামীণ পুলিশ ব্যবস্থার অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য অ্যাড-হক বোনাস অনুমোদন করা হয়েছে।

Advertisement

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেক সিভিক ভলান্টিয়ারকে ৭,৪০০ টাকা করে বোনাস দেওয়া হবে। অর্থ দফতরের অডিট শাখার সংশোধিত সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আগের অর্থবর্ষে সিভিক ভলান্টিয়ারদের ৬,৮০০ টাকা করে বোনাস দেওয়া হয়েছিল। ফলে এ বারে বোনাসের অঙ্ক কিছুটা বৃদ্ধি পেল। ইতিমধ্যে এ বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিষয়টি বিস্তারিত ভাবে পর্যালোচনার পর রাজ্যপালের অনুমোদনক্রমেই এই বোনাস মঞ্জুর করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের পাশাপাশি গ্রামীণ এলাকায় কর্মরত ভিলেজ পুলিশ ভলান্টিয়ারেরাও এই সুবিধার আওতায় থাকবেন। সংশ্লিষ্ট খাতে বরাদ্দ অর্থ থেকে এই ব্যয়ের সংস্থান হবে বলে জানানো হয়েছে। প্রশাসনিক মহলের মতে, নির্বাচনের ঠিক আগে এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। কারণ, রাজ্য জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের সময় তাদের উপর বাড়তি দায়িত্বও বর্তায়। সেই প্রেক্ষিতে এই আর্থিক সুবিধাপ্রদান তাঁদের কাজের স্বীকৃতি হিসাবে দেখা হচ্ছে।

Advertisement

অন্য দিকে, রাজনৈতিক মহলে এই ঘোষণা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, নির্বাচনের আগে সিভিক ভলান্টিয়ারদের খুশি করতেই এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে। যদিও প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং অর্থ দফতরের সুপারিশ মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে, নির্বাচন ঘোষণার আবহে এই বোনাস ঘোষণাকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই চর্চা তুঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement