International Yoga Day

রাজ্য সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক! ২১ জুনের জন্য নির্দেশিকা জারি করল নবান্ন

২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পালন করা হবে যোগ দিবস।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৭:১১
Share:

আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। — নিজস্ব চিত্র।

২১ জুন সব সরকারি কর্মীকে বাধ্যতামূলক ভাবে পালন করতে হবে ‘আন্তর্জাতিক যোগ দিবস’। নির্দেশিকা জারি করল শুভেন্দু অধিকারীর সরকার। জানিয়ে দিল, ওই দিন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সরকারি কর্মীদের উপস্থিত হতে হবে তাঁদের সংশ্লিষ্ট দফতর, আবাসন অথবা রেড রোড বা মিলন মেলা প্রাঙ্গণে। ওই দিন কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পালন করা হবে যোগ দিবস।

Advertisement

পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিবের দফতর থেকে ১৪ জুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকা অনুসারে রাজ্য সরকারের সমস্ত স্তরের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড (চুক্তির মাধ্যমে অন্য সংস্থার যে কর্মীরা সরকারের কাজ করেন) কর্মী এবং সাম্মানিকের বিনিময়ে যাঁরা কাজ করেন তাঁদেরও এই কর্মসূচিতে যোগ দিতে বলা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় সংস্থার কর্মীদেরও যোগ দিবস পালন করতে হবে।

২০১৪ সালে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করা হয়। প্রতি বছর যোগ দিবসে দেশের বিভিন্ন প্রান্ত বা বিদেশে গিয়ে যোগাভ্যাস করেন, সেই নিয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী। এ বছর কলকাতায় উপস্থিত থাকবেন তিনি। গত বছর ছিলেন বিশাখাপত্তনমে। ২০২৪ সালে কাশ্মীরের শ্রীনগরে, ডাল লেকের ধারে অবস্থিত শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০২৩ সালে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে গিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement