Sourav Ganguly’s Security

সৌরভ আর জ়েড ক্যাটেগরি নন! রাজ্যে পালাবদলের পরেই প্রাক্তন ভারত অধিনায়কের নিরাপত্তার বহর কমাল বিজেপি সরকার

সৌরভ গঙ্গোপাধ্যায় এত দিন ‘জ়েড ক্যাটেগরি’র নিরাপত্তা পেতেন। জানা গিয়েছে, সিএবি-র বর্তমান সভাপতির নিরাপত্তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১১:০০
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। — ফাইল চিত্র।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তায় এ বার কাটছাঁট করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এত দিন তিনি ‘জ়েড ক্যাটেগরি’র নিরাপত্তা পেতেন। তবে আর সেই নিরাপত্তার বহর থাকছে না ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভের। সিএবি সভাপতি সৌরভকে এ বার ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তা দেওয়া হবে। অর্থাৎ, দু’ধাপ নামছে সৌরভের নিরাপত্তার বহর। এ প্রসঙ্গে কথা বলতে সৌরভের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement

‘জ়েড ক্যাটেগরি’তে নিরাপত্তার দায়িত্বে থাকেন অন্তত ৩৫ জন। তার মধ্যে রাজ্য পুলিশের কমান্ডোও থাকেন সুরক্ষা বলয়ে। রাজ্য সরকারের ‘জ়েড ক্যাটেগরি’ নিরাপত্তা যাঁরা পান, তাঁদের সঙ্গে পাইলট কারও থাকে। তবে ‘ওয়াই ক্যাটেগরি’তে তিন থেকে চার জন থাকেন নিরাপত্তার দায়িত্বে। তাঁদের মধ্যে দু’জন সশস্ত্র নিরাপত্তাকর্মী।

পালাবদলের পর থেকেই রাজ্যের বিভিন্ন নেতানেত্রী থেকে শুরু করে বিশিষ্টজনেদের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা চলছে। মুখ্যমন্ত্রী হওয়ার পরই নবান্নে বৈঠক করে শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, কোনও রাজনীতিকের যদি প্রকৃত নিরাপত্তা ঝুঁকি না-থাকে তবে তাঁকে অপ্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে না। পরে জানা যায়, রাজনীতিক ছাড়াও অন্য যাঁরা রাজ্য সরকারের বিশেষ নিরাপত্তা পেতেন, তা পর্যালোচনা শুরু করে পুলিশ। প্রথমেই কোপ পড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায়। সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তিনি যে বাড়তি নিরাপত্তা পেতেন তা প্রত্যাহার করা হচ্ছে। একজন সাংসদ হিসাবে তাঁর প্রাপ্য নিরাপত্তাই পাবেন অভিষেক। তার পরে একে একে অনেক তৃণমূল নেতা, প্রাক্তন পুলিশ আধিকারিকদের নিরাপত্তায় কাটছাঁট করে শুভেন্দুর সরকার। সেই তালিকায় জুড়ল সৌরভের নাম।

Advertisement

(এই খবরটি সবে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কিছু ক্ষণের মধ্যে আসছে। পাতাটি কিছু ক্ষণ পর পর ‘রিফ্রেশ’ করলে আপনি সর্বশেষ খবর দেখতে পাবেন। দ্রুত খবর পৌঁছে দেওয়ার সময়েও আমাদের তথ্যের সত্যাসত্য সম্পর্কে সচেতন থাকতে হয়। সে জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর সেটি সম্পর্কে নিশ্চিত না-হয়ে আমরা তা প্রকাশ করি না। ‘ফেক নিউজ়’ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এই পদ্ধতি আরও জরুরি)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement