Benjamin Netanyahu

‘নির্ভীক জনগণ’! মৃত্যু-জল্পনার মধ্যেই ইরানবাসীদের নওরোজ় উৎসবের শুভেচ্ছা ইজ়রায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর!

পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে ইরান সরকার নেতানিয়াহুকে খুনের হুমকি দিয়ে রেখেছে। দিন কয়েক আগে নেতানিয়াহুর একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে, যেখানে তাঁর এক হাতে ছ’টি আঙুল দেখা যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৪:১৮
Share:

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফাইল চিত্র।

তাঁকে নিয়ে মৃত্যু-জল্পনা থামছেই না। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেঁচে আছেন, সুরক্ষিত আছেন— এই দাবি করে আরও একটি ভিডিয়ো প্রকাশ করা হল ইজ়রায়েলের তরফে। যেখানে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে কফি হাতে নিজের মৃত্যুর জল্পনা নিয়ে রসিকতা করতে দেখা গিয়েছে নেতানিয়াহুকে। কিন্তু পরের ভিডিয়োটিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা সম্পাদিত হয়ে থাকতে পারে— এমন দাবি জোরালো হচ্ছে। ফলে নেতানিয়াহু জীবিত আছেন কি না, তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে।

Advertisement

এই সংশয় আর জল্পনা মিলেমিশে যখন একাকার, ঠিক সেই সময়ে আবার নেতানিয়াহুর এক্স হ্যান্ডল থেকে ওই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। এ বার সেই ভিডিয়োয় ইরানবাসীদের উদ্দেশে ‘নওরোজ়’ উৎসবের শুভেচ্ছাবার্তা দিতে দেখা গিয়েছে। নেতানিয়াহু বলছেন, ‘‘ইরানের নির্ভীক জনগণকে আমার শুভেচ্ছা। প্রতি বছরই এই আলোর উৎসবে যেমন শুভেচ্ছাবার্তা পাঠাই, এ বারও তেমন আপনাদের জন্য রইল অনেক শুভেচ্ছা।’’

ইজ়রায়েলি প্রধানমন্ত্রীকে আরও বলতে শোনা গিয়েছে যে, ‘‘এ বছরের উৎসবের একটা আলাদা গুরুত্ব আছে। আপনাদের নওরোজ়ের শুভেচ্ছা— স্বাধীনতার বছর। এক নতুন আশার সূচনা।’’ কিন্তু নেতানিয়াহুর এই ভিডিয়ো ঘিরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে টিভিতে সরাসরি কোনও বার্তা দিতে দেখা যায়নি নেতানিয়াহুকে। শুধু নেতানিয়াহুই নন, তাঁর পুত্র ইয়াইর নেতানিয়াহু, যিনি সর্ব ক্ষণ সমাজমাধ্যমে সক্রিয় থাকেন, দিনে বহু পোস্ট করেন, রহস্যজনক ভাবে তিনিও একেবারে চুপ। সমাজমাধ্যমে গত ৯ মার্চ থেকে তিনি নিষ্ক্রিয় হয়ে রয়েছেন। আর এই ঘটনাটিও নেতানিয়াহুর মৃত্যু-জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে ইরান সরকার প্রকাশ্যেই নেতানিয়াহুকে খুনের হুমকি দিয়ে রেখেছে। এর মধ্যে দিন কয়েক আগে নেতানিয়াহুর একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে, যেখানে তাঁর এক হাতে ছ’টি আঙুল দেখা গিয়েছিল। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই জল্পনা জোরালো হয় যে, নেতানিয়াহু হয়তো আর বেঁচে নেই। এর পরে সোমবার ফের একটি ভিডিয়ো পোস্ট করা হয় নেতানিয়াহুর এক্স হ্যান্ডল থেকে। সেখানে দেখা যায়, জেরুসালেমের ‘দ্য সাটাফ ক্যাফে’-তে কফি কাপ হাতে দাঁড়িয়ে রয়েছেন নেতানিয়াহু। হাতও নাড়ছেন তিনি। সেখানে তাঁর এক হাতে পাঁচটি আঙুল। ওই ভিডিয়োটির সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয় শুরু হয়। এক নেটনাগরিক ভিডিয়োর সত্যতা যাচাইয়ের আবেদন জানান গ্রককে। উত্তরে গ্রক জানিয়েছে, ভিডিয়োটি ‘ডিপফেক’। অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। যদিও এ বারও ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর দফতরের তরফে দাবি করা হয়েছে, সবই গুজব। ফলে নেতানিয়াহু কোথায়, তা নিয়ে রহস্য ক্রমশ বাড়ছে নানা মহলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement