Dubai Drone Attack

দুবাই বিমানবন্দরের সামনে জ্বালানির ট্যাঙ্কে ড্রোন হামলা! মুহূর্তে ছড়াল আগুন, সাময়িক বন্ধ সমস্ত বিমানের ওঠানামা

সোমবার ভোরের আলো ফোটার আগেই দুবাইতে ড্রোন হামলা হয়। বিমানবন্দরের সামনে একটি জ্বালানির ট্যাঙ্কে ড্রোনের আঘাতে আগুন ধরে যায়। সাময়িক ভাবে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০৮:৪৫
Share:

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িক ভাবে পরিষেবা বন্ধ। —ফাইল চিত্র।

দুবাই বিমানবন্দরের সামনে ফের ড্রোন হামলা। জ্বালানির ট্যাঙ্কে ড্রোন ছোড়া হয়েছে বলে অভিযোগ। মুহূর্তে সেখানে আগুন ধরে যায়। ঘটনার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুবাই বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠানামা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

সোমবার ভোরের আলো ফোটার আগেই দুবাইতে ড্রোন হামলা হয়। বিমানবন্দরের সামনে একটি জ্বালানির ট্যাঙ্কে ড্রোন এসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ দ্রুত সংশ্লিষ্ট বাহিনীকে আগুন নেবানোর কাজে মোতায়েন করেন। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গোটা এলাকার নিরাপত্তা এবং নজরদারি আঁটোসাঁটো করা হয়েছে। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সংশ্লিষ্ট জ্বালানির ট্যাঙ্কটি। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দুবাইয়ের অসামরিক প্রতিরক্ষা বাহিনী।

দুবাইতে কারা ড্রোন ফেলল, এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, নেপথ্যে ইরানের হাত রয়েছে। গত কয়েক দিনে একাধিক বার ইরানের ড্রোনের নিশানায় থেকেছে দুবাই-সহ সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন শহর। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছিলেন, দুবাইয়ের খুব কাছে অবস্থিত একটি ঘাঁটি থেকেই তাদের খার্গ দ্বীপে বোমা ফেলেছে আমেরিকা। ফলে ইরানের নিশানায় আগামী কয়েক দিন যে দুবাই থাকতে চলেছে, সে বিষয়ে অনেকেই নিশ্চিত।

Advertisement

সোমবারের ঘটনার পরেই কর্তৃপক্ষ ঘোষণা করেন, যাত্রী এবং বিমানকর্মীদের সুরক্ষার কথা ভেবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠানামা সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে। বিমান সংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শও দিয়েছেন কর্তৃপক্ষ। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত দুবাই বিমানবন্দরে পরিষেবা বন্ধ থাকবে। এটি বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম। আকাশপথে বহু গুরুত্বপূর্ণ শহরের সেতুবন্ধনের কাজ করে দুবাই। সোমবার সকালে আচমকা এই ঘোষণার পর তাই বহু যাত্রী বিপাকে পড়েছেন। অনেক বিমানের সূচি পরিবর্তিত হয়েছে। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ পৃথক ঘোষণায় জানিয়েছেন, কিছু বিমান দুবাইয়ের পরিবর্তে আল-মাকটোউম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গন্তব্যের উদ্দেশে রওনা দেবে।

গত শুক্রবার রাতে ইরানের তেলের প্রধান ঘাঁটি খার্গ দ্বীপে হামলা চালিয়েছিল আমেরিকা। তার পরেই আরাঘচি দাবি করেন, এই হামলার জন্য সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি আমেরিকা ব্যবহার করেছে। তার মধ্যে একটি দুবাইয়ের খুব কাছে অবস্থিত। তবে জনবহুল এলাকায় হামলা না-চালানোর চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন আরাঘচি। পশ্চিম এশিয়ায় সংঘাতের শুরু থেকেই ইরানের হামলার নিশানায় রয়েছে আমিরশাহি। এখনও পর্যন্ত ১৮০০-র বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সে দেশে ছুড়েছে ইরান, যা উপসাগরীয় অঞ্চলের অন্য যে কোনও দেশের চেয়ে বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement