New York Airport

নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর ঘণ্টায় ৩৯ কিলোমিটার বেগে দমকলের ট্রাকে ধাক্কা, দুমড়ে গেল বিমানের নাক

বিমানটি আসছিল কানাডার মন্ট্রিয়ল শহর থেকে। নিউ ইয়র্কের বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই দুর্ঘটনার কবলে পড়ে সেটি। ঘণ্টায় ৩৯ কিলোমিটার গতিতে ধাক্কা মারে দমকলের ট্রাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১০:৩৩
Share:

নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত বিমান। ছবি: সংগৃহীত।

নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে দুর্ঘটনা। বিমানবন্দরে অবতরণের সময়ে দুর্ঘটনার কবলে পড়ে ‘এয়ার কানাডা এক্সপ্রেস’-এর একটি বিমান। রানওয়েতে নামার সময়ে বিমানবন্দরের ভিতরে দাঁড়িয়ে থাকা একটি দমকলের ট্রাকে ধাক্কা মারে ‘সিআরজে-৯০০’ বিমান। সংঘর্ষের জেরে বিমানটির সামনের অংশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ চার গুরুতর আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে। তাঁদের মধ্যে বিমানের দুই পাইলটও রয়েছেন।

Advertisement

বিমানটি আসছিল কানাডার মন্ট্রিয়ল শহর থেকে। নিউ ইয়র্কের বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই দুর্ঘটনার কবলে পড়ে সেটি। রয়টার্স জানাচ্ছে, গাড়িতে ধাক্কা মারার সময়ে বিমানটির গতি ছিল ৩৯ কিলোমিটার প্রতি ঘণ্টা।

দুর্ঘটনাস্থলের বেশ কিছু ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, বিমানের সামনের অংশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়ে গিয়েছে বিমানের নাক। সংঘর্ষের পরে বিমানের সামনের অংশটি ট্রাকের উপরের উঠে গিয়েছে। দুর্ঘটনায় প্রাথমিক ভাবে বেশ কয়েক জন আহত হওয়ার খবর মিলেছে। তাঁদের উদ্ধার করা হয়েছে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।

Advertisement

কী ভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। তবে ওই সময়ে নিউ ইয়র্কের আবহাওয়া খারাপ ছিল। দুর্ঘটনার পর পরই নিউ ইয়র্ক শহরের দমকল এবং আপৎকালীন পরিষেবা দফতরের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে দেন। তবে প্রাথমিক ভাবে কর্তৃপক্ষের তরফে দুর্ঘটনার বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। দুর্ঘটনার জেরে সাময়িক ভাবে বিঘ্নিত হয়েছে লা গার্ডিয়া বিমানবন্দরে সকল বিমানের ওঠানামা। আমেরিকার বিমান চলাচল নিয়ামক সংস্থা ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যে লা গার্ডিয়ায় সকল বিমানের ‘গ্রাউন্ড স্টপ’ (ওঠানামা বন্ধ) নির্দেশিকা জারি করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষও লা গার্ডিয়ামুখী সব বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দিতে শুরু করেছেন। কিছু বিমানের যাত্রাপথ বদল করে অন্য গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিছু বিমান আবার যেখান থেকে রওনা দিয়েছিল, সেখানেই ফিরে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement