Iran-Israel Conflict

ইজ়রায়েলি হানায় হত ইরানের নিরাপত্তা প্রধান! মৃত্যু পুত্রেরও, খামেনেই-ঘনিষ্ঠ নেতাকে হত্যায় তেহরান বলল, প্রতিশোধ নেবই

বাসিজ রেজ়িসট্যান্স ফোর্স-এর প্রধান গোলামরেজ়জা সোলেইমানিকেও হত্যা করা হয়েছে বলে দাবি করেছিল ইজ়রায়েল। যদিও তাঁর মৃত্যু নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি ইরান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৮:০৩
Share:

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। — ফাইল চিত্র।

নিহত ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। ইজ়রায়েলের দাবির সত্যতা কয়েক ঘণ্টা পর নিশ্চিত করল তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ প্রতিষ্ঠান ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’ বিবৃতি জারি করে লারিজানির মৃত্যুর খবর জানিয়েছে। সেই বিবৃতিতে লারিজানিকে ‘শহিদ’ হিসাবে উল্লেখ করা হয়েছে। লারিজানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। একই সঙ্গে লারিজানির মৃত্যুর প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Advertisement

শুধু লারিজানি নন, ইজ়রায়েলি হামলায় একই সঙ্গে মৃত্যু হয়েছে তাঁর পুত্র এবং দেহরক্ষীরও। তাঁদের প্রতি শোকজ্ঞাপন করেছে কাউন্সিল। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের অগ্রগতি এবং ইসলামি বিপ্লবের জন্য আজীবন লড়াই করেছেন লারিজানি। দেশসেবার জন্য এই মৃত্যু তাঁর দীর্ঘ দিনের আকাঙ্ক্ষা পূরণ করেছে।

মঙ্গলবার দুপুরে (ভারতীয় সময়) ইজ়রায়েলের তরফে দাবি করা হয়, বিমান হামলায় নিহত হয়েছেন লারিজানি! সংবাদমাধ্যম আল জাজ়িরা-র প্রতিবেদন অনুযায়ী, ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাটজ় দাবি করেছেন, লারিজানি নিহত হয়েছেন। তবে ইরান সেই সময় ইজ়রায়েলের দাবি উড়িয়ে দেয়। টাইমস অফ ইজ়রায়েল তাদের প্রতিবেদনে জানায়, তেহরান-সহ ইরানের বেশ কয়েকটি জায়গায় বিমান হামলা চালিয়েছে ইজ়রায়েল বাহিনী। তাদের নিশানায় ছিলেন লারিজানি! তিনি ছাড়াও বাসিজ রেজ়িসট্যান্স ফোর্স-এর প্রধান গোলামরেজ়জা সোলেইমানিকেও হত্যা করা হয়েছে বলে দাবি করেছিল ইজ়রায়েল। যদিও এ ব্যাপারে ইরান এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Advertisement

ইরানের সরকারি সংবাদসংস্থা তাসমিনের প্রতিবেদন অনুযায়ী, সে দেশের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতানি হুঁশিয়ারি দিয়েছেন, লারিজানির মৃত্যুর প্রতিশোধ হবে ‘চূড়ান্ত এবং দুঃখজনক’। একই সুরে সুর মিলিয়েছেন ইরানের খাতাম আল-আনবিয়ার কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহিও। তিনি সরাসরি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর দাবি, ‘‘আমাদের চমকের জন্য অপেক্ষা করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে।’’ তিনি আরও দাবি করেন, ইরানের সেনাবাহিনীর ‘জবাব’ এমন হবে, যা ‘শত্রুরা’ কল্পনাও করতে পারবে না! তার পরই ইজ়রায়েলে ইরানি হামলার খবর প্রকাশ্যে এল।

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বার বার লারিজানিকে ‘দুর্বৃত্তদের প্রধান’ বলে বর্ণনা করেছেন। তাঁর দাবি, ইরানের শীর্ষ স্তরের নেতাদের ‘নির্মূল’ করাই লক্ষ্য। তবে এ-ও জানান, কাজটা সহজ নয়। নেতানিয়াহুর কথায়, ‘‘এক বারে ঘটবে না। সহজ হবে না। তবে আমরা যদি লক্ষ্যে অবিচল থাকতে পারি তবে ইরানের মানুষ তাদের নেতৃত্বকে উৎখাত করতে পারবে।’’

দিন কয়েক আগেই এক্স হ্যান্ডলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নির্মূল’ করে দেওয়ার সরাসরি হুমকি দিয়েছিলেন লারিজানি। তাঁর বার্তা ছিল, ‘‘আপনার থেকেও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজেরটা দেখুন, না হলে আপনাকেই নির্মূল করে দেওয়া হবে।’’ সেই বার্তা প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে যায়। সোমবার লারিজানি ঘোষণা করেন, আমেরিকা এবং ইজ়রায়েলের বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশের ঐক্যবদ্ধ হওয়া উচিত। তার আগেই তাঁর মাথার দাম ঠিক করে রেখেছিল আমেরিকা। এ সবের মধ্যেই মঙ্গলবার ইজ়রায়েলি হামলায় মৃত্যু হল ইরানের নিরাপত্তা প্রধানের।

লেফটেন্যান্ট লারিজানি ছিলেন সদ্যনিয়ত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের অন্যতম বিশ্বস্ত সঙ্গী। ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের প্রাক্তন কমান্ডারও ছিলেন। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সচিব পদেও ছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement