(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আমেরিকার বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহে আমেরিকাকে ‘আরও অনেক চমক’ দেখানোর হুঁশিয়ারি দিল ইরান। মঙ্গলবার মধ্যরাতে (ভারতীয় সময় অনুসারে) ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, “আমরা অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করেছি। যুদ্ধে ফিরলে সেগুলি আমাদের আরও অনেক চমক দেখাতে সাহায্য করবে।”
আরাঘচি সমাজমাধ্যমের ওই পোস্টে দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে কয়েক কোটি টাকা মূল্যের প্রায় ডজনখানেক যুদ্ধবিমান খুইয়েছে আমেরিকা। মার্কিন কংগ্রেসও বিষয়টি স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। এই সূত্রে মার্কিন সেনার এফ-৩৫ বিমান গুলি করে নামানোর প্রসঙ্গও উত্থাপন করেন তিনি।
মঙ্গলবারই ট্রাম্প রীতিমতো সময়সীমা বেঁধে দিয়ে ইরানে নতুন করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর ইঙ্গিত, চলমান শান্তি-আলোচনা ব্যর্থ হলে আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ করা হবে। ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা যে করা হয়ে গিয়েছে, তা বিগত কয়েক দিনে বার বার বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। তবে পরিকল্পনার পরেও এখনও পর্যন্ত হামলার পথে হাঁটেনি আমেরিকা। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, “দু’-তিন দিনের মধ্যে... শুক্রবার বা শনিবার কিংবা আগামী সপ্তাহের শুরুতেই ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’’
মঙ্গলবারই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার পরিকল্পনা ছিল আমেরিকার। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত নেন ট্রাম্প। তিনি জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রনেতারা তাঁকে অনুরোধ করেছিলেন এখনই হামলা না-করার জন্য। তাঁদের সঙ্গে কথা বলে ট্রাম্প আশ্বস্ত হয়েছেন যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার সম্ভাবনা এখনও রয়েছে। সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।
তবে আমেরিকা সত্যিই হামলা চালালে, তারাও যে ‘চমক’ দেখানোর জন্য প্রস্তুত, তা জানিয়ে দিল ইরান।