Israel Attack Lebanon

ট্রাম্পের নিষেধাজ্ঞাকে ‘তোয়াক্কা’ করল না ইজ়রায়েল! ইরানের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর হওয়ার পরই ফের হামলা লেবাননে, হত ১৮

বৃহস্পতিবার ইরানের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর হওয়ার পরই এই হামলা চালায় ইজ়রায়েল। রাতভর হামলা চালানো হয়েছে লেবাননের বেশ কিছু অঞ্চলে। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৬:৩৯
Share:

লেবাননে ইজ়রায়েলি হামলা অব্যাহত। ছবি: রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞাকে ‘তোয়াক্কা’ না করেই ফের লেবাননে হামলা চালাল ইজ়রায়েল। বৃহস্পতিবার ইরানের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর হওয়ার পরই এই হামলা চালায় ইজ়রায়েল। রাতভর হামলা চালানো হয়েছে লেবাননের বেশ কিছু অঞ্চলে। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। প্রসঙ্গত, সমঝোতাপত্রে বলা হয়েছে যে, ইরান এবং তার সহযোগী সমস্ত দলের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে হবে। তার মধ্যে রয়েছে লেবাননও। সেই শর্তে আমেরিকা রাজিও হয়েছে। কিন্তু তার পরেও দেখা গেল, ট্রাম্পের আশ্বাসকে ‘ভুল’ প্রমাণ করে লেবাননে হামলা শুরু করল ইজ়রায়েল।

Advertisement

লেবাননের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ইজ়রায়েলি ড্রোন হামলায় কাফর তেবনিত শহরে দু’জনের মৃত্যু হয়েছে। জ়াবাদিনে আলাদা একটি হামলায় আরও এক জনের মৃত্যু হয়েছে। অন্যত্র আরও ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হিজ়বুল্লা এক বিবৃতি জারি করে দাবি করেছে, ইজ়রায়েলি সেনাকে পুরোদস্তুর জবাব দিচ্ছে ট্যাঙ্ক, ড্রোন এবং রকেট হামলার মাধ্যমে। গত চার দিন ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। তাদের হামলার মুখে পড়ে কাফর তেবনিত শহর ছেড়ে পালিয়েছে ইজ়রায়েলি সেনা।

অন্য দিকে, ইজ়রায়েল সেনা আইডিএফের তরফে দাবি করা হয়েছে, দক্ষিণ লেবাননে হিজ়বুল্লার (ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী) বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করেছে তারা। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কেন হামলা চালানো হয়েছে তার যুক্তিও দিয়েছে আইডিএফ। তাদের যুক্তি, বার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে হিজ়বুল্লা। সেই হামলারই জবাব দেওয়া হল। এই হামলা জারি রাখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

Advertisement

প্রসঙ্গত, সমঝোতাপত্র স্বাক্ষরের পরই ট্রাম্প ঘোষণা করেন, ‘‘আমি আশা করছি যে, এই সমঝোতাপত্র মেনে ইরান এবং তাদের সহযোগী দলগুলির বিরুদ্ধে কোনও ধরনের সামরিক অভিযান চালানো হবে না। এমনকি ইজ়রায়েলেও হামলা চালানো হবে না। পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখতে সকলকে সব রকম অভিযান থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।’’ অন্য দিকে, নেতানিয়াহু বৃহস্পতিবার সাংবাদমাধ্যমে জানান, তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ রয়েছে। নিরাপত্তার স্বার্থে ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে, বন্ধু আমেরিকার সঙ্গে সম্পর্ক অটুট রাখাও জরুরি। তবে ইরানকে পরমাণুমুক্ত করার যে সংকল্প নিয়েছেন তিনি, সেই লক্ষ্য থেকে সরে আসবেন না। পাশাপাশি হিজ়বুল্লার বিরুদ্ধেও তাদের অভিযান জারি থাকবে। তার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে হামলা চালায় ইজ়রায়েল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement