আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় ইরানের আকাশে কালো ধোঁয়া। — ফাইল চিত্র।
পশ্চিম এশিয়ায় আমেরিকার সহযোগী দেশগুলি কেন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে না, তা নিয়ে তাদের সমালোচনা করলেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম।
আরব আমিরশাহি জানিয়েছে, বেশ কিছু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলেছে।
পশ্চিম এশিয়ায় সংঘাতের প্রভাবে মিশরেও বাড়ল তেলের দাম।
আমেরিকা এবং ইজ়রায়েলের হানায় তেহরানে মৃত্যু হল এক বছরের এক শিশুর। একটি বহুতলের ভগ্নস্তূপ থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে।
কুয়েতের তরফে জানানো হয়েছে, ইরানের ছ’টি ড্রোন প্রতিহত করেছে তারা।
কয়েক ঘণ্টা আগে কাতারের দোহায় হামলা চালায় ইরান। তা প্রতিহত করেছে কাতারের বাহিনী। তেহরানে আমেরিকা-ইজ়রায়েলের হামলার পর থেকে কাতারে আটকে পড়েন বহু পর্যটক, বিদেশি। এ বার তাঁদের বিমানে চেপে দেশে ফেরার ব্যবস্থা করা হল। বিমানবন্দর কতটা সুরক্ষিত, তা আগেই খতিয়ে দেখেছে বাহিনী।
বিবৃতি দিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর বলেছে, ‘‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা।’’ তারা আরও বলে, ‘‘এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যৎ এখন আমাদের বাহিনীর হাতে। আমেরিকার সেনা যুদ্ধ শেষ করবে না।’’
ট্রাম্প জানান, তেহরানে আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ অভিযান ‘শেষের পথে’। সিবিএস নিউজের সাংবাদিক ওয়েইজা জিয়াং জানান সোমবার (আমেরিকার সময়) মার্কিন প্রেসিডেন্ট তাঁকে ফোনে বলেন, ‘‘আমার মনে হয় যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। অনেকটাই। ওদের (ইরান) কোনও নৌসেনা নেই, যোগাযোগ ব্যবস্থা নেই, কোনও বায়ুসেনা বাহিনী নেই।’’