(বাঁ দিকে) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি (ডান দিকে)। —ফাইল চিত্র।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা হয়েছে ইরানের বিদেশমন্ত্রীর। আলেচ্য বিষয় ছিল যুদ্ধ পরিস্থিতি। তবে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা তা প্রকাশ্যে আনেনি কোনও পক্ষই।
হরমুজ় প্রণালীতে ইরানের দশটি খনি খননকারী নৌ-যান ধ্বংস করা হয়েছে বলে দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট। তাঁর আরও দাবি, হরমুজ় দিয়ে ইরান কোনও অস্ত্র বহন করলে তার পরিণতি ‘ভয়ঙ্কর’ হবে।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রপুঞ্জে দাবি জানিয়েছেন, আমেরিকা ও ইজ়রায়েলের ‘আগ্রাসন’-এর নিন্দা জানানোর।
হরমুজ় প্রণালীতে ইরানের খনি খনন করে মাইন রাখা সম্মর্কিত কোনও তথ্য নেই বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সতর্ক বার্তা, যদি খনি খনন ও মাইন রাখার ঘটনা ঘটে তবে ইরানকে যে ভাবে ‘পস্তাতে’ হবে তেমনটা এর আগে হয়নি।
পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার ফোন করেছিলেন সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়জ়ল বিন ফারহানকে।
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিজ দাবি করেছেন, ইরান-ইজ়রায়েল যুদ্ধের জন্য বিশেষ বাজেট তৈরি করছে ইজ়রায়েল। ওই বাজেটে ‘বিনিয়োগ’ বলেই উল্লেখ করা হয়েছে।
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকার ক্ষেপনাস্ত্রের ফলে ইরানের বিদ্যালয়ে ১৬০ জনেরও বেষি ছাত্রীর মৃত্যু’র ঘটনার তদন্ত চলছে। শীঘ্রই সেই তদন্ত রিপোর্ট পেশ করা হবে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানিয়েছেন, তেল ও গ্য়াসের যে মূল্যবৃদ্ধি হচ্ছে তা ‘আপেক্ষিক’। তাঁর দাবি, যুদ্ধের আগে আমেরিকায় জ্বালানির যে দাম ছিল তার থেকেও দাম কম হবে। আর তা সম্ভব হবে ইরানে হামলা চালানোর কারণেই।
বিশ্ব জুড়ে তৈরি হওয়া সঙ্কটকালে জ্বালানির দাম বৃদ্ধি করল ইজিপ্ট।
মঙ্গলবার ইরান যুদ্ধের দশম দিন। তবে এখনও কমেনি পশ্চিম এশিয়ায় উত্তেজনা। হামলা, পাল্টা হামলায় তপ্ত ওই অংশ। সেই আবহে এ বার ইরানের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব তথা পেন্টাগনের প্রধান পিট হেগসেথ। তিনি জানান, মঙ্গলবার ইরানের জন্য সবচেয়ে কঠিন দিন হতে চলেছে। তীব্র হামলা চালানো হবে ইরানে।
মাথা নত না-করে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেছে ইরান। তার পরেই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুঙ্কার, ‘ইরানের কোমর ভেঙে গিয়েছে।’
ইরান সেনার ‘এলিট ফোর্স’ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর মুখপাত্রের হুঙ্কার পারস্য উপসাগর দিয়ে ‘এক লিটার তেলও ছাড়া হবে না’!
ব্রিটিশ সামরিক কেন্দ্র অনুমান করছে আবুধাবির উপকূলে পারস্য উপসাগরে একটি জাহাজে সম্ভবত হামলা হয়েছে।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তার পরেই যুদ্ধে মধ্যস্থতা করার প্রস্তাব দিল রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়া তার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী সহায়তা করতে প্রস্তুত।’’ তিনি এ-ও জানান, তাঁদের মধ্যস্থতার প্রস্তাব এখনও বিবেচনাধীন।
ইরান ছাড়াও লেবাননেও ক্রমাগত হামলার ঝাঁজ বৃদ্ধি করছে ইজ়রায়েল। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ইজ়রায়েলি হামলার কারণে প্রতি দিন প্রায় এক লক্ষ মানুষ ঘরছাড়া হচ্ছেন। এখনও পর্যন্ত লেবাননে ঘরছাড়া মানুষের সংখ্যা ৬ লক্ষ ৬৭ হাজারের বেশি।
পশ্চিম এশিয়ার অন্য দেশগুলিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। বাহরিনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে খবর সংবাদসংস্থা এপি সূত্রে। বাহরিন জানিয়েছে, তারা ১০৫টি ক্ষেপণাস্ত্র এবং ১৭৬টি ড্রোন ধ্বংস করেছে।