তেহরানে বিস্ফোরণ। ছবি: রয়টার্স।
শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে হামলা? শ্রীলঙ্কার নৌ এবং প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১০১ জন এখনও নিখোঁজ। আহত হয়েছেন ৭৮ জন। তবে এটা হামলা না দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।
আমেরিকার সঙ্গে কোনও ভাবেই সমঝোতার পথে যাবে না ইরান, জানালেন সদ্যনিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের ঘনিষ্ঠ মহম্মদ মোখবের।
বাহরিন প্রশাসন দেশবাসীর উদ্দেশে সতর্কতা জারি করেছে। ঘরের বাইরে না-বার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ইরান আবার হামলা চালিয়েছে। ড্রোন হামলা চালানো হচ্ছে সেখানে।
ইরানে আটকে থাকা চিনের নাগরিকদের দেশে ফেরানো শুরু করল বেজিং। এখনও পর্যন্ত ৪৭০ জনের বেশি নাগরিককে ফেরানো হয়েছে চিনে।
ইরান যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ়। তিনি জানান, স্পেন সর্বদাই যুদ্ধের বিপক্ষে। আমেরিকা এবং ইজ়রায়েলের সমালোচনা করেন স্যানচেজ়।
ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইজ়রায়েলের আক্রমণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এমনই জানালেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে হচ্ছে, এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য নয়।’’
তেহরানে হামলার পাশাপাশি লেবানন সীমান্তে আরও সেনা মোতায়েন করছে ইজ়রায়েল।
তেহরানে পুরোদমে হামলা চালানো হচ্ছে, জানাল ইজ়রায়েল। ইরানের রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে।
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতাবের নাম উঠে আসছে। সেই আবহে ইজ়রায়েলের হুঁশিয়ারি, যিনিই খামেনেইয়ের উত্তরসূরি হিসাবে সর্বোচ্চ পদে বসুন না কেন, তাঁকেই উড়িয়ে দেওয়া হবে।
ইরান দাবি করেছে, তারা ইরাক এবং কুয়েতে ২৪০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। মূলত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি তেহরানের।
বুধবার রাত থেকেই শুরু হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্য। চলবে তিন ধরে। তবে কখন কী হবে, তা বিস্তারিত এখনও জানানো হয়নি। তেহরানে প্রার্থনাসভায় খামেনেই সমর্থকেরা জড়ো হবেন।
বুধবার সকাল থেকে সাইরেন বাজছে পশ্চিম এশিয়ার আরও একটি দেশ জর্ডনে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গোটা জর্ডন জুড়েই এই সাইরেন বাজছে।
বুধবার সকাল থেকেই লেবাননে একের পর এক হামলা চালাচ্ছে ইজ়রায়েল। সেই হামলায় সকালেই চার জনের মৃত্যুর খবর মিলেছিল। এপি সূত্রে খবর, আরও এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
সৌদির পূর্বাঞ্চল জুড়ে রয়েছে তেলের খনি। আর সেই খনির কাছেই আছড়ে পড়তে যাচ্ছিল ইরানি ক্ষেপণাস্ত্র। যদিও মাটিতে আছড়ে পড়ার আগেই সেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি সেনা।
বুধবার সকাল থেকেই ইরান জুড়ে যৌথ হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইজ়রায়েল। ইরানি সংবাদমাধ্যম সূত্রে খবর, তেহরানের মধ্য অঞ্চলের কিছু জায়গায় ধ্বংসের ঘটনা ঘটেছে।
সৌদি আরবে মার্কিন গুপ্তচর বাহিনী সিআইএ-র ঘাঁটিতে ড্রোন হামলা! ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী, সৌদিতে মার্কিন দূতাবাসে সিআইএ-র যে ঘাঁটি রয়েছে, তা লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। তবে এই হামলায় কোনও সিআইএ কর্মী আহত হননি।
মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন। তাঁর এই ক্ষমতা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। দানা বেঁধেছে বিতর্ক। তার পরেই কংগ্রেস ভোটাভুটির পথে হাঁটার পরিকল্পনা করে। বুধবার হাউস এবং সেনেটে এই ভোটাভুটি হওয়ার কথা
প্রত্যাঘাত আরও জোরদার করতে পারে ইরান। আশঙ্কা করছে ইজ়রায়েল। ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে, সেই বার্তা দিয়ে দেশবাসীকে সতর্ক করল ইজ়রায়েলের সেনাবাহিনী। তবে এ-ও জানিয়েছে, ওই সব ক্ষেপণাস্ত্র বা ড্রোন ধ্বংস করার জন্য প্রস্তুত ইজ়রায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা।