দুবাই বিমানবন্দর। শনিবার সকালে এই বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা হয়। ছবি: রয়টার্স।
রিয়াধের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে সৌদি এবং মার্কিন সামরিক বাহিনী রয়েছে। সৌদি জানিয়েছে শনিবার প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেটি ঘাঁটির কাছে এসে পড়ে।
বিবৃতি দিয়ে মন্ত্রকের সরকারি মুখপাত্র জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি জনবসতিহীন এলাকায় পড়ার ফলে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেন। তিনি বলেন,“ট্রাম্প যদি আরও উত্তেজনা বৃদ্ধি করতে চান, তবে ইরানের সশস্ত্র বাহিনী তার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”
আরাঘচি এক বিবৃতিতে জানান, আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের যেই চেষ্টা ছিল, ট্রাম্পের ভুল ধারণার কারণে তা তৎক্ষণাৎ নষ্ট হয়ে গিয়েছে।
আরাঘচি আরও বলেন, “ট্রাম্পের এক সপ্তাহের দুঃসাহসিক অভিযানে ইতিমধ্যে মার্কিন সামরিক বাহিনীর ১০০ বিলিয়ন ডলার খরচ হয়েছে এবং তরুণ সেনাদের প্রাণহানি ঘটেছে।” তিনি যোগ করেন, “এই চরম মূল্য শেষ পর্যন্ত আমেরিকার সাধারণ জনগণকেই দিতে হবে।”
আরাঘচি ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “তিনি আমেরিকাকে ধোঁকা দিয়ে নিজের যুদ্ধে টেনে এনেছেন।” তাঁর মতে, “এটি ইজ়রায়েল-পন্থীদের দ্বারা পরিচালিত একটি ইচ্ছাকৃত যুদ্ধ।”
শনিবার দুবাই মেরিনার একটি টাওয়ারে আকাশপথে হামলা চালায় ইরান। ওই টাওয়ার থেকে ধোঁয়া বার হতে থাকে।
দুবাই সরকার কিছু ক্ষণের মধ্যেই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফল ভাবে ইরানের হামলা আটকাতে পেরেছে। তবে ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার ফলে মেরিনার একটি ভবনের বাইরের অংশে সামান্য ক্ষতি হয়েছে।
ইরানে জল পরিশ্রুতকরণ কেন্দ্রে হামলা চালাল আমেরিকা। শনিবার সমাজমাধ্যমে এক পোস্টে এমনটাই অভিযোগ তুলেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। ওই জল পরিশ্রুতকরণ কেন্দ্রে সমুদ্রের নোনা জলকে পানীয় জলে পরিশ্রুত করা হয়। আরাঘচির দাবি, এর ফলে ৩০টি গ্রামে পানীয় জল সরবরাহ বিঘ্নিত হয়েছে।
তিন দিনে ইরানের ৪২ রণতরী ধ্বংস করেছে আমেরিকা। শনিবার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে। এ বার সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করার কথা ভাবছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানাচ্ছে রয়টার্স।
ট্রাম্পের খোঁচার পরই এ বার পাল্টা বিবৃতি দিল ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের মন্তব্যের ব্যাখ্যা দিল তাঁর দফতর। পেজ়েশকিয়ানের দফতর জানাল, পশ্চিম এশিয়ার কোনও দেশ আমেরিকাকে সাহায্য না-করলে, সেই দেশের উপর হামলা করবে না ইরান। কিন্তু পশ্চিম এশিয়ার কোনও মার্কিন ঘাঁটি থেকে হামলা করা হলে, তার যোগ্য জবাব দেবে ইরান। স্পষ্ট করে দেওয়া হল, ইরান কোনও ভাবেই নতিস্বীকার করবে না।
ইজ়রায়েলি বাহিনীও দক্ষিণ লেবানন থেকে সাধারণ নাগরিকদের দূরে সরে যেতে বলেছে। বিশেষ করে লেবাননের লিতানি নদীর দক্ষিণ দিকের বাসিন্দাদের এলাকা ছাড়ার জন্য বলেছে ইজ়রায়েলি বাহিনী।
শনিবারও সংযুক্ত আরব আমিরশাহিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের হামলা হয়েছে। আল জাজ়িরা জানাচ্ছে, শনিবার অন্তত ১৬টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২১টি ড্রোন হামলা চলেছে ওই দেশে। তার মধ্যে সব ক্ষেপণাস্ত্রই সমুদ্রে গিয়ে পড়েছে। ড্রোনগুলির মধ্যে ১১৯টি আছড়ে পড়ার আগেই ধ্বংস করা গিয়েছে।
উত্তর ইজ়রায়েলের লেবানন সীমান্ত লাগায়ো শহর কিরয়াত শমোনায় হামলার হুঁশিয়ারি দিয়ে রাখল হিজ়বুল্লা। ওই শহর থেকে সাধারণ নাগরিকদের দ্রুত দক্ষিণ দিকে সরে যেতে বলেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী।
লেবাননের নবিচিট এলাকায় ইজ়রায়েলি হানায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার বিরুদ্ধে পদক্ষেপের জন্য লেবানন সরকারের উপর ধারাবাহিক চাপ দিয়ে যাচ্ছে ইজ়রায়েল।
সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, “পশ্চিম এশিয়ার প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করেছে ইরান। ইরান কথা দিয়েছে তারা ওদের উপরে আর গুলি চালাবে না। গত কয়েক হাজার বছরে এই প্রথম বার পশ্চিম এশিয়ার দেশগুলির কাছে হেরে গেল ইরান।”
এ বার লেবাননকে হুঁশিয়ারি দিয়ে রাখল ইজ়রায়েল। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য লেবাননের উপর চাপ দিচ্ছে ইজ়রায়েল। ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাটজ় বলেন, “হিজ়বুল্লার নিরস্ত্রীকরণের জন্য পদক্ষেপ করতে হবে লেবাননের সরকারকে। অন্যথায় এর মাশুল গুনতে হবে।”
দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফের শুরু হল উড়ান পরিষেবা। শনিবার সকালে বিমানবন্দরে ড্রোন হামলা হয়। আছড়ে পড়ার আগে বিমানবন্দর চত্বরের কাছেই ড্রোনগুলিকে ধ্বংস করা হয়েছে। ওই ঘটনার পরে সাময়িক ভাবে বিঘ্নিত হয় দুবাই বিমানবন্দরের পরিষেবা। পরে আবার পরিষেবা চালুও করা হয়েছে বলে জানাচ্ছে সিএনএন। জেড্ডা এবং ভিয়েনার উদ্দেশে দু’টি বিমান ইতিমধ্যে রওনা দিয়েছে দুবাই থেকে।
সংযুক্ত আরব আমিরশাহির আল ধাফরা বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালাল ইরান। শনিবার দুপুরে এমনটাই দাবি করছে ইরানের সরকার সমর্থিত সংবাদসংস্থা তাসমিন। জানা যাচ্ছে, ইরানের রিভোলিউশনারি গার্ড হামলা চালিয়েছে ওই ঘাঁটিতে।
বাহরিনের আকাশসীমা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শনিবার দুপুরে। ইরাকও সাময়িক ভাবে নিজেদের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার সকাল থেকে তেহরান-সহ ইরানের একাধিক গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণ হচ্ছে। ইজ়রায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলায় ৮০টিরও বেশি যুদ্ধবিমান তারা ব্যবহার করেছে রাতভর। একাধিক সেনাঘাঁটিতে অন্তত ২৩০টি বোমা ফেলা হয়েছে।