ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সামনে ধোঁয়া। ছবি: রয়টার্স।
হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবার চালু করতে চিনের উপর চাপ তৈরি করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হরমুজ় প্রণালী খোলার জন্য তিনি যে উদ্যোগী হয়েছেন, তাতে চিনের সাহায্য করা উচিত। কারণ, তেলের জন্য পশ্চিম এশিয়ার উপর অনেকটাই নির্ভরশীল চিন। তাঁর কথায়, ‘‘বেজিং সাহায্য করবে কি না, সফরের আগে আমরা জানতে চাই।’’
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারতের পতাকাবাহী ট্যাঙ্কার বা জাহাজকে হরমুজ় প্রণালী ধরে যেতে দেওয়ার বিনিময়ে কিছুই চায়নি ইরান। তিনি বলেন, “এটা দেনা-পাওনার বিষয় নয়। আমাদের একে অপরের সঙ্গে বোঝাপড়া করার ইতিহাস রয়েছে। তার ভিত্তিতেই আমি (ইরানের সঙ্গে) কথা বলেছি।”
ইরানের খোমেইন শহরে একটি ছেলেদের স্কুলে হামলা চালানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, মার্কিন-ইজ়রায়েলি যৌথ বাহিনী এই হামলার নেপথ্যে রয়েছে। তবে ভোরে হামলা হওয়ায় স্কুলে কোনও হতাহতের খবর নেই।
সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতেও হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে এক জনের। কর্তৃপক্ষ জানিয়েছেন, আবু ধাবির আল বাহয়ান এলাকায় একটি গাড়ির উপর ক্ষেপণাস্ত্র এসে পড়ে। তাতে প্যালেস্টাইনি এক নাগরিকের মৃত্যু হয়েছে।
যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে শুরু করল কেন্দ্র। রবিবারই বিশেষ বিমানে আর্মেনিয়া হয়ে নয়াদিল্লিতে ফিরেছেন প্রায় ৭০ জন ভারতীয়। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান বিমানবন্দর থেকে দিল্লিতে পৌঁছোয় বিমানটি। ইরানফেরত ভারতীয়দের মধ্যে ৭০ জনই পড়ুয়া। তাঁদের অধিকাংশই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ইয়েরেভান থেকে দুবাই হয়ে দিল্লিতে পৌঁছোয় বিমানটি।
পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতি নিয়ে সমাজমাধ্যমে ভুয়ো তথ্য প্রকাশের জন্য ৩৫ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আরব আমিরশাহি। তাঁদের মধ্যে ১৯ জন ভারতীয়। প্রশাসনের বক্তব্য, তাঁদের পোস্ট করা ভিডিয়ো, তথ্য মানুষকে ভুল পথে চালিত করতে পারে। সে কারণে ওই ৩৫ জনের বিরুদ্ধে বিচার চলবে।
সৌদি আরবেও হামলা চলছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দেশের পূর্ব প্রান্তে তিন ধাপে আক্রমণ হয়েছে। একাধিক ড্রোন ছোড়া হয়েছে। প্রথম ধাপে পাঁচটি, দ্বিতীয় ধাপে ছ’টি এবং পরের ধাপে ১২টি ড্রোন ধ্বংস করেছে সৌদি।
সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরান থেকে তাদের দিকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এই মুহূর্তে সেগুলিকে আটকানোর জন্য কাজ করছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তার ফলেই দেশের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের মতো শব্দ শোনা যাচ্ছে।
হরমুজ় প্রণালীতে পণ্য পরিবহণ ব্যাহত হওয়া নিয়ে মুখ খুলল জাপান। তাদের প্রতিরক্ষামন্ত্রী আমেরিকার সঙ্গে কথা বলেছেন। হরমুজ় তথা পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে জাপানের অবস্থান ব্যক্ত করেছেন তিনি। তবে আমেরিকার আহ্বান মেনে হরমুজ়ে আটকে থাকা জাহাজ বার করে আনতে জাপান এখনই কোনও জাহাজ সেখানে পাঠাচ্ছে না।
লেবাননে হামলা জারি রেখেছে ইজ়রায়েল। সোমবারও বেইরুটের দক্ষিণাঞ্চলে দু’টি বোমা ফেলা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে বাসিন্দারা ত্রস্ত।
কুয়েতের ন্যাশনাল গার্ড বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের লক্ষ্য করে দু’টি ড্রোন ছোড়া হয়েছিল। দু’টিকেই প্রতিহত করা হয়েছে।
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে সরয়া আওলিয়া আল-দাম গোষ্ঠী। ইরাকের এই গোষ্ঠী ইরান সমর্থিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটি আক্রমণ করছে বলে দাবি করেছে তারা। সোমবার বাগদাদের কাছে মার্কিন ঘাঁটিকে রকেট ব্যারেজ দিয়ে আঘাত করা হয়েছে।
দুবাই বিমানবন্দরের জ্বালানির ট্যাঙ্কে ড্রোন ছোড়া হয়েছে বলে অভিযোগ। মুহূর্তে সেখানে আগুন ধরে যায়। ঘটনার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুবাই বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠানামা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
যুদ্ধ নিয়ে সমঝোতা করতে মরিয়া হয়ে উঠেছে ইরান। সোমবার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এ-ও জানিয়েছেন, ইরান সমঝোতায় আগ্রহী হলেও তিনি এই মুহূর্তে তেমন কিছু ভাবছেন না। আমেরিকা যা চায়, ইরান এখনও তার জন্য প্রস্তুত নয় বলেও দাবি করেছেন ট্রাম্প।