প্যালেস্টাইনে দু’দশক পরে হল ভোট। ছবি: এএফপি।
যুদ্ধবিধ্বস্ত গাজ়ার একাংশ এবং পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্টে ব্যাঙ্কে স্থানীয় স্বায়ত্বশাসন সংস্থার (পুরসভা ও গ্রাম পরিষদ) নির্বাচন হল প্রায় দু’দশক পরে। আর তাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিততে চলেছে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের দল।
২০০৬ সালের পরে এই প্রথম ভোট দিয়েছিলেন প্যালেস্টাইনিরা। রবিবার ছিল পুরসভা ও গ্রাম পরিষদের প্রতিনিধি নির্বাচন। চার বছর অন্তর এই ভোট হওয়ার কথা। যদিও গত দু’দশকে ইজ়রায়েল-অধিকৃত যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনি দুই ভূখণ্ডে নির্বাচন পালন করা সম্ভব হয়নি। গাজ়ায় শুধুমাত্র দের-আল-বালা-তে এ বার নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল। সেই সঙ্গে গোটা ওয়েস্ট ব্যাঙ্কে। রামাল্লা, এল-বিরে, নাবলুসের মতো ওয়েস্ট ব্যাঙ্কের বড় জনপদগুলিতে জয়ী হয়েছেন আব্বাসের অনুগামীরা।
প্রসঙ্গত, প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইরাসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ‘স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ’ সেখানকার নির্বাচিত পরিচালনা করেন। সেই জোটেরই নেতা আব্বাস একদা গাজ়ার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ কট্টরপন্থী হামাস বাহিনী পিএলও-কে পরাস্ত করে গাজ়ার দখল নিয়েছিল। ২০০২ সালের পরে ফেব্রুয়ারিতে আবার ওয়েস্ট ব্যাঙ্কে ‘গ্রাউন্ড অপারেশন’ চালিয়েছিল ইজ়রায়েলি সেনা। সে সময় তারা নতুন কিছু ভূখণ্ডের দখল করেছিল। অন্য দিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজ়ায় হামাস বিরোধী অভিযান শুরু করেছিল ইজ়রায়েলি সেনা। শেষ পর্যন্ত গত বছরের অক্টোবরে সেখানে যুদ্ধবিরতি হয়।