Bangladesh Election 2026 Result

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে বাংলাদেশে সরকার গঠনের আগেই তরজা! ‘শপথ নেব না’, তারেককে হুঁশিয়ারি জামায়াতের

মঙ্গলবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি বিএনপি-র সংসদ সদস্যেরা। তার পরেই জামায়াতের তরফে হুঁশিয়ারির সুরে জানানো হয়েছে, তাদের নির্বাচিত সদস্যেরা শপথ নেবেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪০
Share:

বাংলাদেশের সংসদ সদস্য হিসাবে শপথ নিচ্ছেন তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ চলছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টা নাগাদ (বাংলাদেশের সময় অনুসারে) সে দেশের জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথগ্রহণ শুরু হয়েছে। প্রথমে শপথ নিচ্ছেন বিজয়ী দল বিএনপি-র সংসদ সদস্যেরা। শপথবাক্য পাঠ করাচ্ছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার একেএন নাসিরউদ্দিন। কিন্তু এই শপথগ্রহণকে ঘিরে বিএনপি এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে চাপানউতর শুরু হয়েছে। এমনকি শপথ না-নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত।

Advertisement

জামায়াতের দাবি সত্ত্বেও মঙ্গলবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি বিএনপি-র সংসদ সদস্যেরা। এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিক ভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।” দলের চেয়ারম্যান তারেক রহমান এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সালাহউদ্দিন। বিএনপি-র এই সিদ্ধান্ত নিয়েই আপত্তি জানিয়েছে জামায়াত। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’-কে জানিয়েছেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যেরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না-নিলে জামায়াতের জয়ী সংসদ সদস্যেরা কোনও শপথই নেবেন না। তিনি জানিয়েছেন, দুপুর ১২টায় জামায়াত সদস্যদের শপথগ্রহণ হওয়ার কথা।

২০২৫ সালের ৫ অগস্ট ক্ষমতার পালাবদলের বর্ষপূর্তিতে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন বাংলাদেশের বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। জুলাই সনদে সংবিধান সম্পর্কিত ৪৮টি প্রস্তাব রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি এই প্রস্তাবগুলির বাস্তবায়নে যে গণভোট হয়, তাতে সংখ্যাগরিষ্ঠ মানুষ ‘হ্যাঁ’ অর্থাৎ সম্মতিসূচক ভোট দিয়েছেন। জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়নে সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে। জুলাই সনদে থাকা বেশ কিছু প্রস্তাবে আগেই ভিন্ন মত জানিয়ে রেখেছিল বিএনপি। মঙ্গলবার বাংলাদেশের সংসদ সচিবালয়ের তরফে জোড়া শপথের ব্যবস্থা রাখা হলেও বিএনপি সদস্যেরা কেবল সংসদ সদস্য হিসাবেই শপথ নেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে দলের কেউই শপথ নেননি।

Advertisement

জোটসঙ্গী জামায়াতের মতোই শপথ না-নেওয়ার রাস্তায় হাঁটতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-ও। এই প্রসঙ্গে দলের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, “বিএনপি-র সংসদ সদস্য‌েরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না-নেওয়ায় আমরা শপথ না-নেওয়ার কথা ভাবছি৷ তবে এই বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলতে চাইছি না৷”

মঙ্গলবার শপথগ্রহণের পর বিএনপি-র সংসদ সদস্যেরা সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেন। সেখানে স্থির হয়েছে বিএনপি-র সংসদ সদস্যরা কেউ সরকারি গাড়ি এবং সরকারি জমি নেবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement