Protest Against Donald Trump

‘রাজা চাই না’! আমেরিকা জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ফের বিক্ষোভ শুরু, ইরানে যুদ্ধনীতির বদল চেয়ে পথে হাজার হাজার মানুষ

ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী যে সামরিক অভিযান চালাচ্ছে, মার্কিন নাগরিকদের একাংশ তার বিরুদ্ধে। নিউ ইয়র্ক, ডালাস, ওয়াশিংটনে তাঁরাই পথে নেমেছিলেন শনিবার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৮:০৪
Share:

নিউ ইয়র্কের রাস্তায় শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি: রয়টার্স।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তাঁর দেশেই পথে নেমেছেন হাজার হাজার মানুষ। ফের শুরু হয়েছে ‘নো কিংস’ আন্দোলন। ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে ২০২৫ সালের জুন মাস থেকে এই আন্দোলন চলছে। শনিবার তার তৃতীয় দফায় ইরানের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে পথে নামলেন মার্কিন নাগরিকেরা। স্লোগান তুললেন, ‘আমেরিকায় রাজা চাই না’।

Advertisement

লস অ্যাঞ্জেলেসের রাস্তায় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি: রয়টার্স।

ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী যে সামরিক অভিযান চালাচ্ছে, মার্কিন নাগরিকদের একাংশ তার বিরুদ্ধে। তাঁদের বক্তব্য, আমেরিকাকে কোনও দেশ আক্রমণ করতে আসছে না। তাই এই যুদ্ধ নিরর্থক। ইরানের বিরুদ্ধে অবিলম্বে মার্কিন সেনা অভিযান প্রত্যাহার করা উচিত বলে মনে করেন বিক্ষোভকারীরা। প্রতিবাদ জানিয়ে শনিবার আমেরিকার ৫০টি প্রদেশে হাজার হাজার মানুষ পথে নেমেছিলেন। বিক্ষোভ হয়েছে ট্রাম্পের অধীনে মার্কিন সরকারে অচলাবস্থা (শাটডাউন) এবং প্রেসিডেন্টের অভিবাসন নীতির বিরুদ্ধেও।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘নো কিংস’ আন্দোলনের অঙ্গ হিসাবে শনিবার আমেরিকার ৫০টি প্রদেশে ৩২০০টিরও বেশি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। প্রত্যেকটিতেই বহু মানুষ যোগ দিয়েছেন। ব্যাপক সাড়া মিলেছে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ডালাস, শিকাগোর মতো শহরে ট্রাম্পের বিরুদ্ধে বিরাট মিছিল বেরিয়েছে। ওয়াশিংটন, ফিলাডেলফিয়াতেও মিছিলে শামিল হয়েছিলেন বহু মানুষ। রাস্তায় থিকথিক করছে ভিড়। প্রতিবাদকারীদের কারও হাতে ট্রাম্পের ছবি-সহ ব্যঙ্গাত্মক পোস্টার, কারও হাতে তাঁর শারীরিক গঠন অনুকরণে তৈরি করা ব্যঙ্গাত্মক বেলুন।

Advertisement

পোর্টল্যান্ডে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি: রয়টার্স।

আমেরিকায় ক্ষমতায় আসার পরপরই অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে দেশ জুড়ে যে অভিযান শুরু করেছেন ট্রাম্প, তার বিরুদ্ধে শনিবার সবচেয়ে বড় প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়েছিল মিনেসোটায়। সেখানে সেন্ট পলের স্টেট ক্যাপিটল ভবনের সামনে শয়ে শয়ে মানুষ জড়ো হয়েছিলেন। এই শহরেই অভিবাসন আধিকারিকদের গুলিতে মৃত্যু হয়েছিল দু’জনের। তাঁদের পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান অনেকে। এই প্রতিবাদীদের ভিড় থেকে এক জন বলেন, ‘‘আমরা এই দেশকে স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যেতে দেব না। আমরা, দেশের জনগণ দেশ চালাব।’

পরিসংখ্যান বলছে, গত বছরের জুন মাসে প্রথম ‘নো কিংস’ আন্দোলনে ট্রাম্পের বিরুদ্ধে পথে নেমেছিলেন ৪০ থেকে ৬০ লক্ষ মানুষ। বিক্ষোভ হয়েছিল দেশের ২১০০টি জায়গায়। দ্বিতীয় আন্দোলন হয় গত অক্টোবরে। সে বার দেশ জুড়ে ২৭০০টি জায়গায় বিক্ষোভে নামেন ৭০ লক্ষ মার্কিন নাগরিক। শনিবারের কর্মসূচিতে ভিড়ের পরিসংখ্যান এখনও স্পষ্ট নয়। অনেকের মতে, স্বতঃস্ফূর্ততার নিরিখে আগের দুই কর্মসূচিকে ছাড়িয়ে যেতে পারে তৃতীয় দফার আন্দোলন। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। পশ্চিম এশিয়ার সেই যুদ্ধ এক মাস পেরিয়ে গিয়েছে। তবে এখনও সংঘাত থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement