গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আমেরিকা-ইরান যুদ্ধ কবে থামবে, তার কোনও আভাসই এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। শনিবার ইরানের খার্গ দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপের বিভিন্ন সামরিক নিশানায় আঘাত হেনেছে মার্কিন বাহিনী। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের মাথার দামও ঠিক করে ফেলেছে আমেরিকা। তাঁর খোঁজ দিতে পারলে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে ট্রাম্পের প্রশাসন। শনিবার সংযুক্ত আরব আমিরশাহির তৈলভাণ্ডারে হামলা চালিয়েছে ইরানও। যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হতে শুরু করেছে। এই সংঘর্ষের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
আজ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বড় কাছারি শিব মন্দিরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছরখানেক আগে এই মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় মন্দির লাগোয়া বহু দোকান। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ক্ষতিগ্রস্ত দোকান নতুন করে গড়ে দেবেন। সেই কাজ সম্পূর্ণ হয়েছে। আজ সেই সব দোকানের চাবি অভিষেক নিজে দোকানদারদের হাতে তুলে দেবেন।
দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) আবার ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে আজ। সংস্কারের জন্য এই সেতু সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।
হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের দিকে এগিয়ে আসছে দেশের দু’টি জাহাজ— শিবালিক এবং নন্দাদেবী। তা দিয়ে নির্বিঘ্নে আরও কিছু জাহাজকে বার করে আনতে চাইছে ভারত। হরমুজ়ের পশ্চিম প্রান্তে, পারস্য উপসাগরে ২২টা ভারতীয় জাহাজ আটকে রয়েছে। সেগুলি যাতে নিরাপদে ভারতে আসতে পারে, তা নিশ্চিত করতে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত।
আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বরণ করে নেওয়া হবে ভারতীয় ক্রিকেটের সেরাদের। তিন জনকে দেওয়া হবে জীবনকৃতি সম্মাননাও। দিল্লিতে এই অনুষ্ঠানে বসবে চাঁদের হাট। সন্ধ্যা ৭টা থেকে অনুষ্ঠান। ‘নমন অ্যাওয়ার্ড’ সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তবে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে আজ এবং আগামী কালের জন্য। এই দু’দিন ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা তুলনামূলক বেশি। আগামী শুক্রবার পর্যন্ত টানা উত্তরের সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বত্র।
আইপিএল শুরু হচ্ছে ২৮ মার্চ। প্রথম ২০টি ম্যাচের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। ১২ এপ্রিল পর্যন্ত সূচি জানানো হয়েছে। চার রাজ্যের বিধানসভার ভোটের তারিখ ঘোষণা করা হলেই বাকি সূচি জানানো হবে। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সব দলের। বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনিরা পুরোদমে অনুশীলন করছেন। কেকেআরের নতুন জার্সিও প্রকাশ্যে এসেছে। থাকছে আইপিএলের সব খবর।