Donald Trump

তাল কাটল গরমে, ঢাক পেটালেন প্রেসিডেন্ট

এ দিন স্বাধীনতা দিবসেনর অনুষ্ঠান গোড়াতেই ধাক্কা খায় প্রবল গরম এবং খারাপ আবহাওয়ার কারণে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরে অনুষ্ঠান শুরু হয়। নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পরে মঞ্চে ওঠেন ট্রাম্প।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৬:৪৯
Share:

ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বক্তৃতায় বারবার নিজের পিঠ নিজেই চাপড়ালেন আর সেই সঙ্গে টেনে আনলেন জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি। শনিবার আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনের ন্যাশনাল মলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতায় বারবার ঘুরেফিরে এসেছে সমাজতন্ত্র নিয়ে হুঁশিয়ারি এবং বিরোধী ডেমোক্র্যাটদের উদ্দেশে খোঁচা। যদিও নিজের দেশেই ক্রমশ নিম্নমুখী ট্রাম্পের জনপ্রিয়তা, তবু স্বাধীনতা দিবসের মঞ্চকে কাজে লাগিয়ে নিজের ঢাক পেটানোয় খামতি রাখেননি আমেরিকার প্রেসিডেন্ট।

এ দিন স্বাধীনতা দিবসেনর অনুষ্ঠান গোড়াতেই ধাক্কা খায় প্রবল গরম এবং খারাপ আবহাওয়ার কারণে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরে অনুষ্ঠান শুরু হয়। নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পরে মঞ্চে ওঠেন ট্রাম্প। বক্তৃতায় তিনি বলেন, “আজ রাতে আমরা সেই পতাকার প্রতি আনুগত্য প্রকাশ করছি, যা আমাদের প্রতিষ্ঠাতারা আমাদের উপহার দিয়েছেন। ১৭৭৬ সালের অমর দেশপ্রেমিকদের ঈশ্বর আশীর্বাদ করুন। স্বাধীনতার আদর্শ চিরজীবী হোক।”

নিজের বক্তৃতায় বারবার সমাজতন্ত্র, বামপন্থার তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তাঁর কথায়, ‘কমিউনিজম আমেরিকার স্বাধীনতার জন্য হুমকি’। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির নানা প্রসঙ্গও টানেন ট্রাম্প। তাঁর প্রস্তাবিত সেভ আমেরিকা আইন (SAVE America Act)-এর পক্ষে সওয়াল করতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, এই আইন কার্যকর হলে আমেরিকার নির্বাচনী ব্যবস্থা বড় ধরনের পরিবর্তনের মুখে পড়বে।

তবে এ দিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের তাল কাটে আবহাওয়ার কারণে। একদিকে প্রবল গরম, তার মধ্যে অনুষ্ঠানের ফাঁকে প্রবল বজ্রপাত। সব মিলিয়ে উপস্থিত দর্শকদের বারবার সমস্যায় পড়তে হয়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের কারণে ন্যাশনাল মল থেকে দর্শকদের সাময়িক ভাবে সরিয়েও দিতে হয়। এ সময় কিছুটা বিভ্রান্তির পরিস্থিতিও তৈরি হয়। পরে ট্রাম্প ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য উপস্থিত মানুষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “সবাই সঠিক কাজ করেছেন। বজ্রপাত দেখা গিয়েছিল। আমি বলেছিলাম, ভোর ৪টেয় একজন মানুষ থাকলেও আমি ভাষণ দেব। কোনও কিছুই আমাদের থামাতে পারবে না।”

শনিবার রাজধানী ওয়াশিংটনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১০২ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস)। ওয়াশিংটনের স্বাধীনতা দিবসের ইতিহাসে দ্বিতীয় উষ্ণতম দিন ছিল এ’টি। এর আগে ১৯১৯ সালের ৪ জুলাই সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইট)। স্থানীয় প্রশাসনের দাবি, শনিবার রাত ৮টা পর্যন্ত প্রবল গরমে অসুস্থ হওয়ায় ন্যাশনাল মল ও সংলগ্ন এলাকা থেকে অন্তত ১২ জনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।

'স্যালুট টু আমেরিকা ২৫০ সেলিব্রেশন অ্যান্ড ফায়ারওয়ার্কস' অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত রাত ১০টা ৪৫ মিনিটে শুরু হয়। দেরির কারণে প্রায় সব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সঙ্গীতানুষ্ঠান বাতিল করা হয়। তবে ট্রাম্পের ভাষণের শেষে যুদ্ধবিমানের ফ্লাইপাস্ট এবং আতসবাজির আয়োজন নির্বিঘ্নেই হয়েছে।

এ দিন বারবার নিজের নানা নীতির প্রশংসা নিজে করলেও ট্রাম্প ও তাঁর প্রশাসনের দেশীয় এবং আন্তর্জাতিক নানা পদক্ষেপ ঘিরে দেশজুড়ে এখনও তীব্র অসন্তোষ রয়েছে। গত মে মাসের তুলনায় ট্রাম্পের জনপ্রিয়তা সামান্য বাড়লেও তা এখনও বেশ কম। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, আমেরিকার ৩৮ শতাংশ ভোটার ট্রাম্পের কাজের প্রতি সমর্থন জানালেও ৫৫ শতাংশ ভোটারই তাঁর কাজে অসন্তুষ্ট। মে মাসে এই হার ছিল যথাক্রমে ৩৪ শতাংশ এবং ৫৮ শতাংশ। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, ট্রাম্পের অভিবাসন নীতি, অর্থনীতি, বিদেশনীতি ও ইরান ঘিরে চলা সংঘাত মোকাবিলায় ট্রাম্পের ভূমিকায় অধিকাংশ ভোটার অসন্তুষ্ট।

শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আতসবাজির অনুষ্ঠানের সময় নিউ ইয়র্কের ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে আগুন লাগে। তবে কেউ হতাহত হননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন