US-Venezuela Relation

প্রাক্তন প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গীকে আমেরিকার হাতে তুলে দিল ভেনেজ়ুয়েলা! দুই দেশের মধ্যে নতুন বোঝাপড়ার ইঙ্গিত?

গত ৩ জানুয়ারি ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকায় নিয়ে গিয়েছিল মার্কিন সেনা। ফেব্রুয়ারিতে ভেনেজ়ুয়েলার রাজধানী কারাকাসে যৌথ অভিযান চালিয়ে অ্যালেক্সকে গ্রেফতার করে আমেরিকা এবং ভেনেজ়ুয়েলার বাহিনী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৭:১৭
Share:

(বাঁ দিকে) ভেনেজ়ুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং অ্যালেক্স সাব (ডান দিকে)। ছবি: রয়টার্স।

ভেনেজ়ুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গীকে আমেরিকার হাতে তুলে দেওয়া হল। মাদুরোর আমলে ভেনেজ়ুয়েলার ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডেলসি রড্রিগেস। এখন তিনিই সে দেশের প্রেসিডেন্ট। রড্রিগেসের সরকারই মাদুরোর সঙ্গী তথা ব্যবসায়ী অ্যালেক্স সাবকে আমেরিকার হাতে তুলে দিয়েছে।

Advertisement

সংবাদসংস্থা রয়টার্স-এর প্রতিবেদন অনুসারে, ভেনেজ়ুয়েলার অভিবাসন সংস্থা ‘সাইমে’ অ্যালেক্সকে আমেরিকায় পাঠিয়েছে। শনিবার একটি বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে ওই সংস্থা।

গত ৩ জানুয়ারি ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকায় নিয়ে গিয়েছিল মার্কিন সেনা। ফেব্রুয়ারিতে ভেনেজ়ুয়েলার রাজধানী কারাকাসে যৌথ অভিযান চালিয়ে অ্যালেক্সকে গ্রেফতার করে আমেরিকা এবং ভেনেজ়ুয়েলার বাহিনী।

Advertisement

অ্যালেক্সের গ্রেফতারি এবং তাঁকে আমেরিকার হাতে তুলে দেওয়ার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। তাঁদের বক্তব্য, মাদুরো-সঙ্গীর গ্রেফতারি আমেরিকা এবং ভেনেজ়ুয়েলার পারস্পরিক বোঝাপড়ার দিকটিকেই তুলে ধরছে।

এর আগে ২০২০ সালে ঘুষ নেওয়ার অপরাধে আমেরিকায় গ্রেফতার হয়েছিলেন অ্যালেক্স। ২০২৩ সালে ভেনেজ়ুয়েলায় বন্দি মার্কিন নাগরিকদের মুক্তির বিনিময়ে তাঁকে জামিন দেওয়া হয়। সেই অ্যালেক্সকে ফের নিজেদের হেফাজতে পেল আমেরিকা। বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, মাদুরোর বিরুদ্ধে গোপন তথ্য সরবরাহ করে মার্কিন তদন্তকারীদের সাহায্য করতে পারেন অ্যালেক্স।

ভেনেজ়ুয়েলার এই ঘটনার দিকে সতর্ক নজর রেখেছে কিউবাও। সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। সূত্র উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৯৪ বছরের প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে বেশ কয়েকটি চার্জ গঠন হতে পারে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে,১৯৯৬ সালে দু’টি উদ্ধারকারী বিমানে হামলা চালানোর ঘটনায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন হতে চলেছে বলে ওই সূত্রের দাবি। ১৯৯৬ সালে ‘ব্রাদার্স টু রেসকিউ’ পরিচালিত দু’টি উদ্ধারকারী বিমান গুলি করে নামায় কিউবার সেনা। সেই সময় রাষ্ট্রের সেনাপ্রধান ছিলেন ফিদেল কাস্ত্রোর ভাই রাউল। ফিদেল কাস্ত্রো ছিলেন রাষ্ট্রপ্রধান। সেই হামলায় তিন মার্কিন নাগরিক-সহ চার জনের মৃত্যু হয়েছিল।

রাউলের পরিণতিও ভেনেজ়ুয়েলার মাদুরোর মতো হয় কি না, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এই আবহে এ বার মাদুরো-সঙ্গীকে অ্যালেক্সকে নিজেদের হাতে পেল আমেরিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement