ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফাইল চিত্র।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজ়তবা খামেনেই বেঁচে আছেন কি না, তা নিয়ে যখন বিভিন্ন মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়েও জল্পনা ছড়িয়েছে। সমাজমাধ্যমে নেতানিয়াহুর একটি ভিডিয়ো আগুনে ঘি ঢেলেছে। শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে নেতানিয়াহু একটি ভিডিয়ো শেয়ার করে সামরিক সংঘাত নিয়ে কিছু মন্তব্য করেন। সেই ভিডিয়োই এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। কারণ, বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ওই ভিডিয়ো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, নেতানিয়াহুর ডান হাতে ছ’টি আঙুল রয়েছে। কিন্তু ১৩ মার্চ যে ভিডিয়ো প্রকাশিত হয়েছে, সেখানে তাঁর ডান হাতের ছ’টি আঙুল দেখা যায়নি। তার পর থেকেই জল্পনা জোরালো হতে শুরু করেছে, নেতানিয়াহুর অবস্থান বা নিরাপত্তা নিয়ে। তাঁকে ঘিরে নানা ভিডিয়ো এবং মন্তব্য সমাজমাধ্যমে ঘুরতে শুরু করেছে। সমাজমাধ্যমে এটাও দাবি করা হচ্ছে, ইরানের হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। যদিও এই সব দাবির সত্যতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর দফতরের তরফে যেমন দাবি করা হয়, নেতানিয়াহুকে নিয়ে যা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো। তুরস্কের সংবাদমাধ্যমে আন্দালু আজান্সি-কে প্রধানমন্ত্রীর দফতরের জানানো হয়, ‘‘ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সুরক্ষিত আছেন। সুস্থ আছেন।’’
প্রধানমন্ত্রীর দফতর থেকে এটাও নিশ্চিত করা হয় যে, গত ১৩ মার্চ নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতাকে হুঁশিয়ারি দেন। ভিডিয়োবার্তায় তিনি বলেছিলেন, ‘‘ইরান এবং হিজ়বুল্লাকে আমরা ধ্বংস করেই ছাড়ব।’’ এটি নেতানিয়াহুর আগের রেকর্ড করা বার্তা কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, কেন তাঁকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। যদিও সমাজমাধ্যম এক্স-এর চ্যাটবট তথ্য যাচাই করে গ্রোক স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘গুজবে গুরুত্ব দেবেন না। নেতানিয়াহু বেঁচে আছেন’। গ্রোক ব্যাখ্যা দিয়েছে। জানিয়েছে, নেতানিয়াহুর দুই হাতেই পাঁচটি করে আঙুল। এই ভিডিয়োর একটি জায়গায় ডান হাতটি এমন ভাবে রয়েছে, যার ফলে দৃষ্টি বিভ্রম হচ্ছে। মনে হচ্ছে কনিষ্ঠার পাশে হয়তো আরও একটি আঙুল রয়েছে। ভিডিয়োর ওই অংশ থেকে ‘স্ক্রিনশট’ নিয়ে সমাজমাধ্যমে জল্পনা ছড়ানোর চেষ্টা চলছে। নেতানিয়াহু বেঁচে আছেন।
ঘটনাচক্রে, ইরানের সর্বোচ্চ নেতা মোজ়তবা খামেনেই বেঁচে আছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ‘‘শুনেছি উনি বেঁচে নেই।’’ এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম সিএনএন দাবি করে, মোজ়তবার পায়ে গুরুতর চোট। এ ছাড়াও শরীরের অন্যান্য জায়গাতেও আঘাত লেগেছে। তাঁকে নিয়ে যখন জল্পনা তুঙ্গে, মোজ়তবা ঘোষণা করেন, ‘‘আমাদের শহিদদের রক্ত ব্যর্থ হতে দেব না।’’ তার পরেও মোজ়তবার প্রকাশ্যে না-আসা নিয়ে নানা জল্পনা ছড়াচ্ছে।