—প্রতীকী ছবি।
ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েল যুদ্ধের প্রভাবে রক্তাক্ত শেয়ার বাজার। ২,৫০০ পয়েন্ট পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক। নিফটির অবস্থাও তথৈবচ। অন্য দিকে ডলারের নিরিখে ফের কমেছে টাকার দাম। সব মিলিয়ে সপ্তাহের প্রথম কাজের দিনেই বিপুল লোকসান হওয়ায় মাথায় হাত লগ্নিকারীদের।
সোমবার শেয়ারবাজার খোলার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। সকাল পৌনে ১১টা নাগাদ ৭৬,৭৩৯.৪৬ পয়েন্টে ঘোরাফেরা করেছে বিএসই সূচক। ওই সময় এতে ২.৭৬ শতাংশের পতন দেখা গিয়েছিল। অন্য দিকে নিফটি-৫০র পতনের পরিমাণ ছিল ৬৭৮.৩৫ পয়েন্ট। সকাল সাড়ে ১০টার কিছু পড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক ২৩,৭৭২.১০ পয়েন্টে নেমে আসে।
ব্রোকাজের ফার্মগুলির দাবি, শেয়ারবাজারের এ-হেন পতনের জেরে লেনদেনের প্রথম সেশনেই ১৩ লক্ষ কোটি টাকা হারিয়েছেন লগ্নিকারীরা। শুধু তা-ই নয়, সেনসেক্স ও নিফটির অস্থিরতার জেরে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে স্টক বিক্রির হুড়োহুড়ি পড়ে গিয়েছে। প্রথম সেশনে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করছে ব্যাঙ্কিং, তথ্যপ্রযুক্তি এবং ধাতু সংক্রান্ত সংস্থাগুলির শেয়ার। আগামী কয়েক দিন এই অবস্থা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।
এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ নিফটি ৫০-তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) শেয়ারের দাম ৬.৭ শতাংশ কমতে দেখা গিয়েছে। এ ছাড়া ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের (ইন্ডিগো) প্রায় ৬.৬ শতাংশ, মারুতি সুজ়ুকির পাঁচ শতাংশ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার ৫.২ শতাংশ, জেএসডব্লিউ স্টিলের স্টকের দাম ৫.৩ শতাংশ হ্রাস পেয়েছে। চার শতাংশের বেশি কমেছে লারসেন অ্যান্ড টুব্রো, এশিয়ান পেইন্টস এবং টাটা স্টিলের শেয়ারের দর।
অন্য দিকে ডলারের নিরিখে টাকার দাম ৯২.২৩-এ নেমে গিয়েছে। ফেব্রুয়ারিতে ৯০ টাকায় মিলছিল এক ডলার। রুপির এই ধরনের পতন যে ভারতীয় অর্থনীতির জন্য চিন্তার, তাতে কোনও সন্দেহ নেই। তবে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ইস্যুতে কোনও বিবৃতি দেয়নি রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। ইতিমধ্যেই ব্যারেল প্রতি তরল সোনার দর ১০৮ ডলার ছাড়িয়ে গিয়েছে। শেয়ারবাজারের পতন এর সঙ্গে সম্পক্ত বলে মনে করা হচ্ছে। সংঘর্ষ দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি যে আরও খারাপ হবে, তা বলাই বাহুল্য।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)