Share Market

ট্রাম্পের এক ইঙ্গিতেই লাফিয়ে বাড়ল শেয়ারবাজার, বাড়ল টাকার দামও

এ দিন সেনসেক্স ৯৪০ পয়েন্ট উঠে দাঁড়িয়েছে ৭৭,৯৫৮.৫২-এ। নিফ্‌টি বন্ধ হয়েছে ২৪,৩৩০.৯৫ অঙ্কে। উত্থান ২৯৮.১৫। এক ডলার ৬৯ পয়সা পড়ে নেমেছে ৯৪.৪৯ টাকায়। বিএসই-তে লগ্নিকারীদের শেয়ার সম্পদ বেড়েছে প্রায় ৬ লক্ষ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৯:৪৩

— প্রতীকী চিত্র।

যুদ্ধ থামানোর লক্ষ্যে চুক্তি করা নিয়ে ইরানের সঙ্গে কথা এগোচ্ছে, দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই ‘মন্ত্রেই’ এক দিকে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কিছুটা নেমেছে। অন্য দিকে, খানিকটা হাঁফ ছেড়ে বুধবার মাথা তুলেছে ভারতের শেয়ার বাজার। চাঙ্গা হয়েছে টাকাও।

এ দিন সেনসেক্স ৯৪০ পয়েন্ট উঠে দাঁড়িয়েছে ৭৭,৯৫৮.৫২-এ। নিফ্‌টি বন্ধ হয়েছে ২৪,৩৩০.৯৫ অঙ্কে। উত্থান ২৯৮.১৫। এক ডলার ৬৯ পয়সা পড়ে নেমেছে ৯৪.৪৯ টাকায়। বিএসই-তে লগ্নিকারীদের শেয়ার সম্পদ বেড়েছে প্রায় ৬ লক্ষ কোটি টাকা। সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় শান্তি ফেরার আশায় ফের বুক বাঁধছে মূলধনী বাজার। যদিও বিশেষজ্ঞদের দাবি, এখনও অশোধিত তেলের দাম ১০০ ডলারের নীচে নামেনি। আমেরিকা-ইরানের কথা চলছে বটে। দু’টি শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পরে এটি সাফল্য নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাবে না। পাশাপাশি, ট্রাম্পের কথার কোনও ঠিক নেই। তিনি এক মুহূর্তে যে কথা বলেন, পর মুহূর্তেই তা বদলে যায়। ফলে সতর্ক হয়ে অপেক্ষা করাই ভাল।

বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘বাজার মনে করছে যুদ্ধ থামাতে আমেরিকা-ইরানের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রাম্পও তেমন ইঙ্গিত দিয়েছেন। ফলে আশা, সংঘাতের তীব্রতা আর বাড়বে না। যে কারণে অশোধিত তেলের দাম কমছে। তা ছাড়া, গত জানুয়ারি-মার্চে সংস্থার ফল খুব খারাপ হবে না বলেও মনে করা হচ্ছে। এ সবই জ্বালানি জুগিয়েছে সূচককে।’’ আশিস এবং আর এক বিশেষজ্ঞ বিনয় আগরওয়াল ভোটকেও অন্যতম কারণ হিসেবে তুলে ধরছেন। তাঁদের মতে, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে বিজেপির জয় লগ্নিকারীদের নিশ্চিন্ত করেছে যে, এতে কেন্দ্রের পক্ষে আর্থিক সংস্কারগুলি দ্রুত কার্যকর করতে সুবিধা হবে। বিনয়ের দাবি, যুদ্ধ থামা ও হরমুজ় প্রণালী খুলে যাওয়ার আশা বিদেশি লগ্নি সংস্থাগুলিকে ফের ভারতে ফিরিয়ে আনছে। যে কারণে টাকার দামও উঠেছে। তার উপর এপ্রিলে রেকর্ড জিএসটি আদায় হয়েছে। সব মিলিয়ে সুদিন ফেরার আশায় লগ্নিকারীরা।

আরও পড়ুন